মুসলিম শরীফ - হাদীস নং ১,৭৭০
যুহায়র ইবনু হারব (রহঃ) ... আমির ইবনু ওয়াসিলা (রহঃ) থেকে বর্ণনা করেন যে, নাফি ইবনু আব্দুল হারিস (রাঃ) উসফানে উমর (রাঃ) এর সঙ্গে সাক্ষাত লাভ করেছিলেন। উমর (রাঃ) তাকে মক্কার আমির ও শাসনকর্তা নিয়োগ করেছিলেন। (পথিমধ্যে সাক্ষাতে) উমর (রাঃ) বললেন, উপত্যকাবাসীদের (মক্কাবাসীদের) জন্য কাকে ভারপ্রাপ্ত শাসনকর্তা নিয়োগ করে এসেছ? তিনি (নাফি (রাঃ) বলেন, আবযা (রাঃ) কে। তিনি জিজ্ঞাসা করলেন, ইবনু আবযা আবার কে? তিনি (নাফি (রাঃ) বললেন, আমাদের আযাদকৃত গোলামদের মধ্যে একজন। উমর (রাঃ) বললেন, তুমি কি একজন ক্রীতদাসকে তাদের জন্য তোমার স্থলাভিষিক্ত নিয়োগ করে এসেছ? নাফি (রাঃ) বললেন, সে তো মহা মহীয়ান আল্লাহর কিতাবের একজন কারী (হাফিয) ও আহকামে শরীয়াত সম্পর্কে অভিজ্ঞ ব্যাক্তি। উমর (রাঃ) বললেন, শোন! তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ই তো বলেছেন যে, আল্লাহ এই কিতারের মাধ্যমে অনেক জাতির উত্থান সাধন করবেন এবং এরই কারণে অনেক জাতির পতন ঘটাবেন।