মুসলিম শরীফ - হাদীস নং ২,১৭৬
তিনি বলেন, আমি ইশার সময় মদিনার হাররা অঞ্চলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে পায়ে হেঁটে যাচ্ছিলাম। আমরা উহুদ পর্বতের দিকে তাকিয়ে ছিলম। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবূ যার! আমি বললাম, লাব্বাইক- ইয়া রাসুলাল্লাহ! অতঃপর তিনি বললেন, আমি এটা পছন্দ করি না যে, এই উহুদ পাহাড়টি আমার জন্য স্বর্ণ হয়ে যাক আর আমি তিন রাতএ অবস্থায় অতিবাহিত করি যে, স্বর্ণের একটি দীনারও আমার কাছে থাকছে, তবে সে দীনারের কথা সতন্ত্র যা আমি ঝণ পরিশোধ করার জন্য রেখে থাকি। বরং আমি তা ডানে, বামে, সামনে আল্লাহর বান্দাদের মধ্যে এমনিভাবে বিতরণ করব। তিনি উভয় হাতে অঞ্জলি দেখালেন। আবূ যার (রাঃ) বলেন, তারপর আমরা পথ চলতে লাগলাম। তিনি বললেন, হে আবূ যার! আমি বললাম লাব্বাইক, ইয়া রাসুলাল্লাহ! তিনি বললেন, বিত্তশালী লোকেই হবে কিয়ামতের দিন গরীব। তবে যারা ব্যয় করেছে এভাবে এভাবে এভাবে যেরূপ তিনি প্রথমবার করেছিলেন সেরূপ করলেন। আবূ যার (রাঃ) বললেন, আমরা পথ চলতে লাগলাম। তিনি বললেন, হে আবূ যার! আমি তোমার কাছে ফিরে আসা পর্যন্ত তুমি এখানে অবস্থান কর। রাবী বলেন, অতঃপর তিনি যেতে যেতে আমার দৃষ্টি হতে অদূশ্য হয়ে গেলেন। আবূ যার (রাঃ) বলেন, এরপর আমি কতিপয় অর্থহীন শব্দ এবং আওয়াজ শুনতে পেলাম। মনে করলাম, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিপদের সস্মুর্খীন হয়েছেন। তখন আমি তার অনুসরণ করার ইচ্ছা করলাম। হঠাৎ স্মরণ হল, 'আমি তোমার নিকট ফিরে না আসা পর্যন্ত তুমি এখানেই অবস্থান করবে' তার এ নির্দেশটি। আবূ যার (রাঃ) বলেন, আমি তাঁর অপেক্ষা করতে লাগলাম। অবশেষে তিনি ফিরে আসার পর, আমি যা শুনতে পেলাম তা তাঁর নিকট বর্ণনা করলাম। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ হলেন জিবরীল (আলাইহিস সালাম) আমার নিকট এসে বললেন, আপনার উম্মাতের কোন লোক যদি আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক না করে মৃত্যৃবরণ করে, তবে সে জান্নাতে প্রবেশ করবে। আবূ যার (রাঃ) বলেন, আমি বললাম, যদি সে চুরি এবং ব্যভিচার করে তবুও? তিনি বললেন, হ্যাঁ, যদি সে চুরি এবং ব্যভিচার করে তবুও।