মুসলিম শরীফ - হাদীস নং ২৪৭
আবদুল ওয়ারিস ইবনু আবদুস সামাদ (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ মানুষ তোমাদেরকে জ্ঞানের বিষয়ে কথা জিজ্ঞেস করবে, এক পর্যায়ে তারা এ কথাও জিজ্ঞেস করে বসবে, আল্লাহ তো আমাদের সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছেন? রাবী বলেন, তখন আবূ হুরায়রা (রাঃ) এক ব্যাক্তির হাত ধরা অবস্থায় ছিলেন। তিনি বললেন, আল্লাহ ও তাঁর রাসুল সত্যই বলেছেন। আমাকে দুই ব্যাক্তি এ ধরনের প্রশ্ন করেছে, আর এ হলো তৃতীয়জন। বর্ণনাকারী বলেন, অথবা তিনি বলেছেন, আমাকে এক ব্যাক্তি প্রশ্ন করেছে আর এ হল দ্বিতীয়জন। যুহায়র ইবনু হারব ও ইয়াকুব আদ-দাওরাকী (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেন, মানুষ সর্বদা ... এরপর রাবী আবদুল ওয়ারিসের রেওয়ায়েতের মত বর্ণনা করেন। তবে তিনি এই সনদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উল্লেখ করেননি। তবে হাদীসটির শেষে ’আল্লাহ ও তাঁর রাসুল সত্যই বলেছেন’ কথাটি সংযুক্ত করেন।