মুসলিম শরীফ - হাদীস নং ২,৬০৫
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এ কথা পৌছল যে আমি একাধারে সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালন করে যাচ্ছি এবং রাতে সালাত আদায় করে চলছি। অতএব তিনি আমাকে ডেকে পাঠালেন অথবা (রাবীর সন্দেহ) আমি তাঁর সাথে সাক্ষাত করলাম। তিনি বললেন আমাকে অবহিত করা হয়েছে যে, তুমি সাওম পালন করে যাচ্ছ এবং তা ছাড়ছ না এবং রাতব্যাপি সালাত আদায় করে চলেছ? তুমি (এরূপ) করো না। কেননা তোমার চোখের একটি প্রাপ্য রয়েছে, তোমার দেহের প্রাপ্য রয়েছে এবং তোমার স্ত্রীর প্রাপ্য রয়েছে। অতএব সাওম পালন কর এবং ছেড়ে দাও, সালাত আদায় কর আবার ঘুমাতে যাও। প্রতি দশ দিনে একদিন সাওম পালন কর এতে তুমি নয় দিন সাওম পালনের সওয়াব পাবে। আমি বললাম, হে আল্লাহর নবী! আমি নিজেকে এর চেয়ে বেশি সামর্থ্যবান মনে করি। তিনি বললেন তাহলে দাউদ (আলাইহিস সালাম) এর মত সাওম পালন কর। আমি বললামঃ দাঊদ (আলাইহিস সালাম) কিভাবে সাওম পালন করতেন? তিনি বললেন তিনি একদিন সাওম পালন করতেন, একদিন ছেড়ে দিতেন এবং (যুদ্ধক্ষেত্র থেকে) পলায়ন করতেন না যখন (শত্রু বাহিনীর) সম্মুখীন হতেন। আবদুল্লাহ (রাঃ) বললেন, হে আল্লাহর নবী! কে আমার জন্য এ সবের জামিন হবে? অধঃস্তন রারী আতা (রহঃ) বলেনঃ একাধারে সাওমের কথা কীভাবে উল্লেখ করেছেন, তা আমি জানি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যাক্তি সর্বদা সাওম পালন করে সে মূলত সাওম পালন করেনি। যে সর্বদা সাওম পালন করল সে মূলত সাওম পালন করেনি যে সর্বদা সাওম পালন করল সে মূলত সাওম পালন করেনি।