Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,৭৬০

প্রায় ২ মিনিট · ১৯৫ শব্দ

আবদুল্লাহ ইবনু আব্বাস ও মিসওয়ার ইবনু মাখরাম (রাঃ) আবওয়া নামক স্থানে পরস্পর মতবিরোধে লিপ্ত হলেন। আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) বললেন, মুহরিম ব্যাক্তি মাথা ধৌত করতে পারবে, কিন্তু মিসওয়ার (রাঃ) বললেন, সে মাথা ধৌত করতে পারবে না। ইবনু আব্বাস (রাঃ) আমাকে (অর্থাৎ আবদুল্লাহ ইবনু হুসায়নকে) এ সম্পর্কিত মাসআলা জানার জন্য আবূ আয়্যুব আনসারী (রাঃ) এর নিকট পাঠালেন। আমি তাকে কুপের দুই খুটির মাঝে গোসলরত অবস্থায় পেলাম। তিনি একখন্ড কাপড় টাঙ্গিয়ে নিজেকে আড়াল করে নিয়েছিলেন। আমি তাকে সালাম করলে তিনি জিজ্ঞাসা করলেন, কে? আমি বললাম, আবদুল্লাহ ইবনু হুনায়ন-আমাকে আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) আপনার নিকট এই কথা জিজ্ঞাসা করার জন্য পাঠিয়েছেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম অবস্থায় কিভাবে মাথা ধৌত করতেন? আবূ আয়্যুব (রাঃ) তার হাত টানানো কাপড়ের উপর রাখলেন এবং তা (সামান্য) নীচু করলেন যাতে তার মাথা আমার দৃষ্টিগোচর হল। অতঃপর তিনি তার গোসলে সাহায্যকারী ব্যাক্তিকে পানি ঢালতে বললেন। অতএব সে তার মাথায় পানি ঢালল। এরপর তিনি উভয় হাত সামনে ও পিছনে সঞ্চালন করে নিজের মাথা মললেন। এরপর তিনি বললেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এরূপ করতে দেখেছি।

ছবি বানান