Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,৮৭১

প্রায় ৩ মিনিট · ৪৩৯ শব্দ

ইরাকের অধিবাসী এক ব্যাক্তি তাকে বলল, আমার পক্ষ থেকে আপনি উরওয়া ইবনু যুবায়র (রহঃ) কে জিজ্ঞাসা করুন যে, এক ব্যাক্তি হাজ্জের (হজ্জ) ইহরাম বাঁধল, সে বায়তুল্লাহ তাওয়াফের পর ইহরাম খুলতে পারবে কিনা? তিনি যদি আপনাকে বলেন, সে ইহরাম খুলতে পারবে না তবে তাকে বলুন এক ব্যাক্তি বলেছে, সে ইহরাম খুলতে পারবে। রাবী বলেন, অতএব আমি তাকে জিজ্ঞাসা করলে বলেন, যে ব্যাক্তি হাজ্জের (হজ্জ) ইহরাম বেঁধেছে, সে তা সমাধান না করা পর্যন্ত ইহরাম খুলতে পারবে না। আমি বললাম, কিন্তু এক ব্যাক্তি তাই বলেছে। তিনি বললেন, সে যা বলছে তা দুঃখজনক। ইরাকের লোকটি আমার সাথে পুনরায় সাক্ষাত করলে আমি তাকে উপরোক্ত কথা বললাম। সে বলল, আপনি তাকে বলুন, কিন্তু এক ব্যাক্তি বলে যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন এবং আসমা (রাঃ) ও যুবায়র (রাঃ) অনুরূপ করেছেন কেন? রাবী বলেন, আমি তার নিকট গিয়ে এই বিষয় তাকে জানাই। তিনি জিজ্ঞাসা করলেন, লোকটি কে? আমি বললাম, জানি না। তিনি বললেন, তার কি হয়েছে যে, সে নিজে আমার কাছে এসে জিজ্ঞাসা করছে না? আমার মনে হয়, সে ইরাকী। আমি বললাম, জানি না। তিনি বললেন, সে মিথ্যা বলেছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাজ্জ (হজ্জ) সম্পর্কে আয়িশা (রাঃ) আমাকে অবহিত করেছেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে পৌছে সর্বপ্রথম যে কাজ করেছেন তা ছিল এই যে, তিনি উযু করেন, এরপর বায়তুল্লাহ এর তাওয়াফ করেছেন, অতঃপর আবূ বকর (রাঃ) হাজ্জ (হজ্জ) করেছেন। তিনি (মক্কায় পৌছে) সর্বপ্রথম বায়তুল্লাহ এর তাওয়াফ করেছেন। এবং এরপর উমর (রাঃ)-ও অনুরূপ করেছেন। অতঃপর উসমান (রাঃ) হাজ্জ (হজ্জ) করেছেন। আমি তাকে সর্বপ্রথম বায়তুল্লাহ এর তাওয়াফ করতে দেখেছি এবং এছাড়া অন্য কিছু করেননি। অতঃপর মুআবিয়া (রাঃ) ও আবদুল্লাহ ইবনু উমর (রাঃ)-ও (অনুরূপ করেছেন)। এরপর আমি আমার পিতা যুবায়র ইবনুল আওয়াম (রাঃ) এর সাথে হাজ্জ (হজ্জ) করেছি। তিনিও সর্বপ্রথম বায়তুল্লাহ এর তাওয়াফ করেছেন। এছাড়া অন্য কিছু করেননি। অতঃপর আমি মুহাজির ও আনসারদের অনুরূপ করতে দেখেছি। এছাড়া তারা অন্য কিছু করেননি। অতঃপর সর্বশেষে আমি যাকে অনুরূপ করতে দেখেছি, তিনি হচ্ছেন আবদুল্লাহ ইবনু উমর (রাঃ)। তিনি হাজ্জ (হজ্জ) কে উমরা দ্বারা ভঙ্গ করেননি। আর সেই ইবনু উমর (রাঃ) তোমাদের মধ্যে বর্তমান আছে। তারা কেন তাকে জিজ্ঞাসা করছে না? এভাবে যত লোক অতীত হয়েছে, তারা মক্কা শরীফে পা রেখেই সর্বপ্রথম বায়তুল্লাহ এর তাওয়াফ করতেন। অতঃপর তারা ইহরাম খুলতেন না। আর আমি, আমার মা আসমা বিনত আবূ বকর (রাঃ) ও আমার খালা আয়িশা (রাঃ)-কেও দেখেছি যে, তারা মক্কায় পৌঁছে প্রথমেই বায়তুল্লাহ এর তাওয়াফ করেছেন। এরপর ইহরাম খুলেননি। আমার মা (আসমা) আমাকে অবহিত করেছেন যে, তিনি তার বোন (আয়িশা), যুবায়র (রাঃ) এবং অমুক অমুক শুধুমাত্র উমরার ইহরাম বেধে মক্কায় এসেছেন এবং তারা (তাওয়াফ ও সাঈর পরে) রুকন (হাজারে আসওয়াদ) চুম্বন করার পর ইহরাম খুলেছেন। এই ব্যাক্তি (ইরাকী) এ ব্যাপারে যা বলেছে, মিথ্যা বলেছেন।

ছবি বানান