মুসলিম শরীফ - হাদীস নং ৩,০৮৬
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) আবদুল ওয়ারিস থেকে এবং তিনি আবুত-তায়্যাহ হুযালী থেকে বর্ণনা করেন যে ... মূসা ইবনু সালামা হুযালী (রহঃ) বলেন, আমি ও সিনান ইবনু সালামা উমরা পালনের জন্য রওনা হলাম। সিনানের একটি কুরবানীর উট ছিল। সে সেটি হাঁকিয়ে নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে সেটি অচল হয়ে পড়ল। এ ব্যাপারে সে অসহায় ও চিন্তগ্রস্থ হয়ে পড়ল এবং (মনে মনে বলল) এ যদি সামনে অগ্রসর না হতে পারে, তবে এটাকে কি করে গন্তব্যস্থলে নেয়া যাবে? সে বলল, যদি মক্কা পর্যন্ত পৌঁছতে পারতাম তবে এ সম্পর্কে ভালরূপে মাসআলা জেনে নিতাম। রাবী বলেন আমরা দিনের প্রথমভাগে আবার চলতে শুরু করলাম এবং “বাতহা” নামক স্থানে যাত্রা বিরতি দিলাম। সিনান বলল, চল আমরা ইবনু আব্বাস (রাঃ) এর নিকট গিয়ে (বিষয়টি) আলোচনা করি। রাবী বলেন, সিনান তার নিকটে নিজের উটের কথা বর্ণনা করল। ইবনু আব্বাস (রাঃ) বললেন, তুমি উত্তম রূপে অবহিত ব্যক্তির নিকটই বিষয়টি বর্ণনা করেছ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির মাধ্যমে ষোলটি উট (মক্কার হরমে) পাঠালেন এবং তাকে এগুলোর তত্ত্বাবধায়ক নিযুক্ত করলেন। রাবী বলেন, সে রওনা হয়ে গেল এবং পূনরায় ফিরে এসে বলল, ইয়া রাসুলাল্লাহ! যদি এর মধ্যকার কোন পশু চলৎশক্তিহীন হয়ে পড়ে, তবে কি করব? তিনি বললেনঃ তা যবেহ কর এবং এর (গলায় বাঁধা) জুতা জোড়া রক্তে রঞ্জিত করে এর কুঁজের উপর রেখে দাও। এর গোশত তুমিও খাবে না তোমার সঙ্গীদের কেউও খাবে না।