মুসলিম শরীফ - হাদীস নং ৩,২৪৬
তাঁরা উভয়ে আবূ হুরায়রা (রাঃ) কে বলতে শুনেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মসজিদে এক (রাকআত) সালাত আদায় মাসজিদ হারাম ব্যতীত অন্য যে কোন মসজিদে হাজার (রাক’আত) সালাত অপেক্ষাও উত্তম। কেননা, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীগণের সর্বশেষ এবং তার মসজিদ (নবী-রাসুলগণ কর্তৃক নির্মিত মসজিদসমুহের মধ্যে) সর্বশেষ মসজিদ। আবূ সালামা ও আবূ আবদুল্লাহ (রহঃ) বলেন, নিঃসন্দেহে আবূ হুরায়রা (রাঃ) যেসব কথা বলেছেন, তা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদীস থেকেই বলেছেন। এজন্য আমরা তার ইন্তেকালের পূর্ব পর্যন্ত তাঁর নিকট থেকে এই হাদীস সত্যায়িত করে নেওয়ার প্রয়োজন বোধ করি নি। আবূ হুরায়রা (রাঃ) এর ইন্তেকালের পর তাঁর নিকট থেকে এই হাদীসের সত্যায়ন সম্পর্কে আমরা পরস্পর আলোচনা করি এবং একে অপরকে দোষারোপ করি যে কেন আমরা এই হাদীস সম্পর্কে আবূ হুরায়রা (রাঃ) কে জিজ্ঞাসা করি নি যে, তিনি তা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট থেকে শুনে বর্ণনা করেছেন কিনা। এ অবস্থায় একদা আমরা আবদুল্লাহ ইবনু ইবরাহীম ইবনু কারিযের কাছে বসলাম এবং এই হাদীস ও তা আবূ হুরায়রা (রাঃ) কর্তৃক রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট থেকে বর্ণিত হওয়া সম্পর্কে আলোচনা উত্থাপন করলাম। তখন আবদুল্লাহ ইবনু ইবরাহীম ইবনু কারিয (রহঃ) আমাদের বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চিত আমি আবূ হুরায়রা (রাঃ) কে বলতে শুনেছি যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ “অতএব অবশ্যই আমি নবীগণের সমাপ্তি এবং আমার মসজিদ সর্বশেষে মসজিদ।