মুসলিম শরীফ - হাদীস নং ৩,৪৪২
হারামালা ইবনু ইয়াহইয়া (রহঃ) ... উরওয়া (রহঃ) বলেন, আয়িশা (রাঃ) তার কাছে বর্ণনা করেছেন যে, আবূল কুআয়সের ভাই আফলাহ এসে তাঁর কাছে প্রবেশের অনুমতি চাইলেন। এ ছিল পর্দার আয়াত অবতীর্ণ হওয়ার পরবর্তী ঘটনা। আবূল ক’আয়স ছিলেন আয়িশা (রাঃ) এর রাযাঈ পিতা। আয়িশা (রাঃ) বলেন, আমি বললামঃ আল্লাহর কসম! আমি আফলাহকে আমার কাছে আসার অনুমতি দিব না যে পর্যন্ত না রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে থেকে অনুমতি না নেই। কেননা, আবূল কু’আয়স সে তো আমাকে দুধ পান করান নি, বরং আমাকে দুগ্ধপান করিয়েছে তার স্ত্রী। আয়িশা (রাঃ) বলেন, যখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন আমি বললাম, ইয়া রাসুলাল্লাহ! আবূ কু’আয়সের ভাই আফলাহ আমার নিকট প্রবেশের অনুমতি চেয়েছেন, কিন্তু আমি আপনার অনুমতি না নিয়ে তাঁকে আমার কাছে আসতে দিতে অস্বীকার করলাম। রাবী বলেন, আয়িশা (রাঃ) বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তুমি তাকে অনুমতি দাও। উরওয়া বলেন, এ কারণেই আয়িশা (রাঃ) বলতেন, 'তোমরা দুধপানের সম্পর্কে দ্বারা ঐ লোকদের হারাম গণ্য করবে যাদের তোমরা বংশগত সম্পর্কের দ্বারা হারাম গণ্য কর।