মুসলিম শরীফ - হাদীস নং ৩,৫২২
মুহাম্মাদ ইবনু আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) ... নাফি (রহঃ) সূত্রে ইবনু উমর (রাঃ) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে আমি আমার স্ত্রীকে তালাক দিলাম, তখন সে ঋতুমতী ছিল। উমর (রাঃ) বিষয়টি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে উল্লেখ করলে তিনি বললেন, তাকে আদেশ কর সে যেন তাকে রাজআত (পূনঃ গ্রহণ) করে। তারপর পবিত্র হয়ে পুনরায় আরেক হায়েয আসা পর্যন্ত তাকে স্থিতাবস্থায় রেখে দেয়। পরে যখন পবিত্র হবে তখন তার সঙ্গে সহবাস করার আগে (সহবাসমুক্ত কালে) তাকে তালাক দিবে কিংবা তাকে (স্ত্রীরূপে) রেখে দিবে। কেননা, এটাই হল সে ইদ্দত যার প্রতি লক্ষ্য রেখে স্ত্রীদের তালাক দেওয়ার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। উবায়দুল্লাহ (রহঃ) বলেন, আমি নাফি (রহঃ) কে বললাম, সেই এক তালাকের কী হল? তিনি বললেন, সেটিকে এক তালাক গণ্য করা হয়।