মুসলিম শরীফ - হাদীস নং ৩,৫৩৮
হারুন ইবনু আবদুল্লাহ (রহঃ) ... আবূ যুবায়র সুত্রে বর্ণনা করেন যে, আযযার মাওলা (আযাদকৃত গোলাম) আবদুর রহমান ইবনু আয়মান (রহঃ) কে ইবনু উমর (রাঃ) এর কাছে প্রশ্ন করতে শুনলেন, আবূ যুবায়র তখন শুনছিলেন- যে ব্যক্তি তার স্ত্রীকে তার হায়িয অবস্থায় তালাক দিল তার সম্পর্কে আপনার অভিমত কি? ইবনু উমর (রাঃ) বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে ইবনু উমর (রাঃ) তার স্ত্রীকে তালাক দিল যখন সে ঋতুমতী ছিল। উমর (রাঃ) এ বিষয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট জিজ্ঞেস করলেন। তিনি বললেন, আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) তার স্ত্রীর হায়িয অবস্থায় তাকে তালাক দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, সে যেন তাকে পুনঃগ্রহণ করে নেয়। সুতরাং (এভাবে) তিনি তাকে (স্ত্রীকে) ফিরিয়ে নিলেন। তিনি (রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আরো বললেন, যখন (হায়েয হতে) পবিত্র হয়ে যাবে তখন (ইচ্ছে করলে) যেন তালাক দেয় কিংবা রেখে দেয়। ইবনু উমর (রাঃ) বলেন, এবং (এ সময়) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেনঃيَا أَيُّهَا النَّبِيُّ إِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَطَلِّقُوهُنَّ فِي قُبُلِ عِدَّتِهِنَّ (হে নবী! তোমরা যখন তোমাদের স্ত্রীদের তালাক করার ইচ্ছা করবেন তাদের তালাক দিও তাদের ইদ্দতের (সময় আগমনের) অগ্রভাগে (সূরা আত তালাকঃ ১)।