মুসলিম শরীফ - হাদীস নং ৩,৫৭৬
মুহাম্মদ ইবনু আমর ইবনু জাবালা (রহঃ) আবু আহমাদ থেকে তিনি আম্মার ইবন রুয়ায়ক থেকে এবং তিনি ... আবূ ইসহাক (রহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, আমি আসওয়াদ ইবনু ইয়াযীদের সঙ্গে সেখানকার বড় মসজিদে বসা ছিলম। শা’বী ও আমাদের সঙ্গে ছিলেন। তিনি ফাতিমা বিনত কায়স বর্ণিত হাদীস প্রসঙ্গে বলেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বাসস্থান ও খোরপোষের সিদ্ধান্ত দেননি। তখন আসওয়াদ তার হাতে এক মুঠো কংকর নিয়ে শাবীর দিকে নিক্ষেপ করলেন। এরপর বললেন, সর্বনাশ! তুমি এমন ধরনের হাদীস বর্ণনা করছ? (অথচ) উমর (রাঃ) বলেছেন, আমরা আল্লাহর কিতাব এবং আমাদের নবীর সুন্নাত এমন একজন মহিলার উক্তির কারণে ছেড়ে দিতে পারি না। আমরা জানি না, সে স্মরণ রাখতে পেরেছে না ভুলে গেছে। আল্লাহ তাআলা বলেছেনঃ “তোমরা তাদেরকে তাদের বাসগৃহ থেকে বহিস্কার করে দিয়ো না এবং তারাও যেন ঘর থেকে বের না হয়। তবে তারা স্পষ্ট কোন অশ্লীলতায় লিপ্ত হলে ভিন্ন কথা।” (সূরা তালাকঃ ১)।