মুসলিম শরীফ - হাদীস নং ৩,৬৫২
আবূ কুরায়ব (রহঃ) ... ইবরাহীম তায়মী তার পিতার সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, একবার আলী ইবনু আবূ তালিব (রাঃ) আমাদের সামনে ভাষণ দিচ্ছিলেন। তিনি তাঁর ভাষণে বলেন, যে ব্যক্তি মনে করে যে, এই ক্ষুদ্র পুস্তিকা ও আল্লাহর কিতাব ব্যতীত আমাদের কাছে যা আমরা পাঠ করি, সে নিশ্চিত মিথ্যা বলছে। বর্ণনাকারী বললেন, সে সময় তার (আলীর) তরবারীর খাপের মধ্যে একথানি পুস্তিকা ঝুলানো ছিল। এই পুস্তিকায় উটের দাঁতের বিবরণ ছিল এবং যখমের দিয়াত (ক্ষতিপূরণ) সম্পর্কে বিধান ছিল। এতে আরও উল্লেখ ছিল যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মদিনার ’আয়র’ থেকে ’সাওর’ পর্বত পর্যন্ত এলাকা হারাম (সংরক্ষিত স্থান)। যে ব্যক্তি এই এলাকায় বিদ’আত করবে অথবা কোন বিদআতীকে আশ্রয় দিবে তার উপর আল্লাহর লানত, তাঁর ফিরিশতাদের ও সমগ্র মানব জাতির লানত বর্ষিত হবে। কিয়ামত দিবসে আল্লাহ তার কোন ফরয কিংবা নফল কবুল করবেন না। সকল মুসলিমের যিম্মা অভিন্ন। একজন আদনা (সাধারণ) মুসলিমও তা প্রদান করতে পারবে। যে ব্যক্তি তার পিতাকে বাদ দিয়ে অন্য কাউকে পিতা বলে দাবী করবে অথবা যদি কোন দাস তার মুনিবকে বাদ দিয়ে অন্য কাউকে মুনিব বানাবে, তার উপর আল্লাহর, ফিরিশতা ও সমগ্র মানব জাতির লা’নত বর্ষিত হবে। কিয়ামত দিবসে আল্লাহ তার কোন ফরয কিংবা নফল (ইবাদত) কবুল করবেন না।