মুসলিম শরীফ - হাদীস নং ৪,৪৫১
তিনি বলেন, যখন মুহাজিরগণ মক্কা থেকে মদিনায় আগমন করেন তখন তাদের হাতে কোন কিছুই ছিল না। (তারা ছিলেন তখন সম্পূর্ণ নিঃস্ব) আর আনসারগণ ছিলেন জমা-জমির মালিক। তখন আনসারগণ মুহাজিরদেরকে তাদের (খেজুর বাগানের অর্ধেক) এই শর্তে বণ্টন করে দেন যে, প্রতি বছর বাগানে মুহাজিরগণ পরিশ্রম ও পরিচর্যা করে উৎপাদিত ফসলের অর্ধেক তাদের দেবেন। আনাস ইবনু মালিক (রাঃ) এর মাতা উম্মে সুলাইম, তিনি আবদুল্লাহ ইবনু আবূ তালহার মাতা ছিলেন। আর আবদুল্লাহ ছিলেন আনাস (রাঃ) এর বৈপিত্রেয় ভাই। আনাসের মাতা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তাঁর খেজুর গাছ দান করেন এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহা দিলেন তার আযাদকৃত বাঁদি উম্মু আয়মানকে। যিনি উসামা ইবনু যায়েদের মাতা ছিলেন। ইবনু শিহাব (রহঃ) বলেন, আমাকে আনাস ইবনু মালিক (রাঃ) অবহিত করেছেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খায়বারের যুদ্ধ শেষে মদিনায় প্রত্যাবর্তন করলেন তখন মুহাজিরগন আনসারদেরকে তাদের দানকৃত ফলের বাগানসমূহ প্রত্যার্পণ করে দেন। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমার মাতাকে তার দানকৃত বাগান ফেরত দেন এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মু আয়মানকে তার পরিবর্তে নিজের বাগানের এক অংশ প্রদান করেন। ইবনু শিহাব (রহঃ) বলেন যে, উম্মু আয়মান যিনি উসামা ইবনু যায়েদের মাতা ছিলেন, তিনি আবদুল্লাহ ইবনু আবদুল মুত্তালিবের দাসী ছিলেন। তিনি ছিলেন হাবশা (আবিসিনীয়) বংশোদ্ভূত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিতার ইন্তেকালের পর আমিনা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জন্ম দেন তখন উম্মু আয়মান তাঁকে বড় হওয়া পর্যন্ত লালন-পালন করেন। এরপর তিনি তাঁকে আযাদ করে দেন। পরবর্তীতে যায়েদ ইবনু হারিছার সঙ্গে তাঁকে বিয়ে দিয়ে দেন। তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পাঁচ মাস পর ইন্তেকাল করেন।