মুসলিম শরীফ - হাদীস নং ৪,৪৯৯
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত ছিলেন এবং তার আশেপাশে কুরায়শের কিছু লোকজন জড়ো ছিল। এমন সময় উকবা ইবনু আবূ মুআইত (উটনীর নাড়িভুড়িসহ) জরায়ু নিয়ে এল এবং তা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিঠের উপর নিক্ষেপ করলো। তিনি মাথা উঠাতে পারছিলেন না। তারপর ফাতিমা আসলেন এবং তা তার পিঠ থেকে সরিয়ে দিলেন এবং যে ব্যক্তি তা করেছে, তাকে বদ দুআ করলেন। তখন তিনি (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ ইয়া আল্লাহ!। তোমার উপরই কুরাইশ সম্প্রদায়ের আবূ জাহল ইবনু হিশাম, উকবা ইবনু রাবীআ, শায়বা ইবনু রাবীআ, উকবা ইবনু আবূ মুআইত, উমাইয়া ইবনু খালফ অথবা উবাই ইবনু খালফ (এদের বিচারের ভার) ন্যস্ত। রাবী শুবা (শেষের দুই নামের কোনটি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সে ব্যাপারে) সন্দেহ করেন। রাবী বলেন, এরপর আমি বদরের দিন তাদের দেখেছি যে, তারা সকলে নিহত হয়েছে এবং একটি কুপে নিক্ষিপ্ত হয়েছে। কেবল উমাইয়া বা উবাই এর লাশ বাদ ছিল। কেননা তার লাশ জোড়ায় জোড়ায় বিচ্ছিন্ন হয়েছিল বিধায় কুপে নিক্ষেপ করা হয়নি।