মুসলিম শরীফ - হাদীস নং ৪,৬৫২
তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে, তোমাদের সর্বোত্তম নেতা হচ্ছে তারা যারা তোমাদেরকে ভালবাসেন এবং তোমরাও তাদেরকে ভালবাসো। তাদের জন্য তোমরা দোয়া কর এবং তারাও তোমাদের জন্য দোয়া করেন। এবং তোমাদের নিকৃষ্টতম নেতা হচ্ছে তারা যাদেরকে তোমরা ঘৃণা কর এবং তারাও তোমাদেরকে ঘৃণা করে এবং তোমরা তাদেরকে অভিশাপ দাও এবং তারাও তোমাদেরকে অভিশাপ দেয়। তারা (সাহাবীগণ) বললেন, ইয়া রাসুলাল্লাহ! এ সময় আমরা কি তাদেরকে প্রতিহত করবো না? তিনি বললেনঃ না, যতক্ষণ যাবৎ তারা তোমাদের মধ্যে সালাত কায়েম রাখবে। তবে যার উপর কোন শাসক নিয়োগ করা হবে আর সে তাকে আল্লাহর কোন নাফরমানী করতে দেখবে তখন ঐ শাসক যতক্ষন আল্লাহর নাফরমানীতে থাকবে ততক্ষন তাকে ঘৃণা করতে থাকবে কিন্তু আনুগত্যের হাত গুটিয়ে নেবে না। এ হাদীসের একজন রাবী ইবনু জারীর (রহঃ) বলেন, আমি আমার কাছে এ হাদীস বর্ণনাকারী কারযাকে এ হাদীস বর্ণনাকালে বললাম, আল্লাহর কসম! হে আবূ মিকদাম! সত্যই কি আপনি মুসলিম ইবনু কারযাকে আওফ ইবনু মালিক (রাঃ) কে বলতে শুনেছেন, তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এ হাদিস বলতে শুনেছেন? রাবী বলেন, তখন তিনি তার হাঁটুর উপর ভর করে কিবলামুখী হয়ে গেলেন এবং বললেনঃ সেই আল্লাহর কসম! যিনি ছাড়া আর কোন উপাস্য নেই আমি নিশ্চয়ই মুসলিম ইবনু কারযাকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আমি আওফ (রাঃ) কে বলতে শুনেছি যে, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি।