মুসলিম শরীফ - হাদীস নং ৫,৪৪১
তিনি বলেন, আমি আবূ সাঈদ খুদরী (রাঃ) কে বলতে শুনেছি, তিনি বলেন, আমি মদিনার আনসারীদের একটি মজলিসে বসা ছিলাম। তখন আবূ মূসা (রাঃ) অস্থির হয়ে, কিংবা রাবী বলেছেন, সন্ত্রস্ত হয়ে আমাদের কাছে এলেন। আমরা বললাম, আপনার কি হয়েছে? তিনি বললেন, উমার (রাঃ) আমার কাছে লোক পাঠালেন, যেন আমি তাঁর কাছে যাই। আমি তাঁর দরজায় তিনবার সালাম করলাম। তিনি আমাকে জবাব দিলেন না। তাই আমি ফিরে এলাম। পরে আমাকে (ডেকে নিয়ে) তিনি বললেন, আমার কাছে আসার ব্যাপারে কোন বিষয় তোমাকে বাধা দিল? আমি বললাম, আমি আপনার কাছে এসেছিলাম এবং আপনার দরজায় (দাঁড়িয়ে) তিনবার সালাম করেছিলাম। কিন্তু তারা (বাড়ির কেউ) আমাকে সালামের জবাব দিলেন না। তাই আমি ফিরে গেলাম। আর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কেউ যদি তিনবার অনুমতি চায়, আর তাকে অনুমতি দেয়া না হয়, তাহলে সে যেন ফিরে আসে। তখন উমার (রাঃ) বললেনঃ এ বিষয়ে প্রমাণ দাও। অন্যথায় তোমাকে আঘাত করব। তখন উবাই ইবনু কা’ব (রাঃ) বললেন, তার সঙ্গে কাওমের সব চাইতে কম বয়সের ছেলেই যাবে। আবূ সাঈদ (রাঃ) বলেন, আমি বললাম, আমি কাওমের কনিষ্ঠ। তিনি বললেন, তবে একে নিয়ে যাও।