মুসলিম শরীফ - হাদীস নং ৫,৪৪৪
নাসর ইবনু আলী আল-জাহযামী (রহঃ) ... আবূ সাঈদ (রহঃ) থেকে বর্ণনা করেন যে, আবূ মূসা (রাঃ) উমর (রাঃ) এর দরজায় এসে অনুমতি চাইলেন। উমর (রাঃ) (আওয়াজ শুনে মনে মনে) বলেন, একবার হল। তারপর দ্বিতীয়বার অনুমতি চাইলেন। উমর (রাঃ) বললেন, দু’বার হল। তারপর তৃতীয়বার অনুমতি চাইলেন। উমর (রাঃ) বললেন, তিনবার হল। তারপর তিনি ফিরে গেলেন। পরে [উমর (রাঃ)] তাঁর পিছনে লোক পাঠিয়ে তাকে ফিরিয়ে আনলেন এবং বললেন, এটি যদি এমন বিষয় হয় যা তুমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্মরণ রেখেছে, তাহলে তা (প্রমানসহ) পেশ কর। অন্যথায় তোমাকে আমি দৃষ্টান্তমূলক শাস্তি দিব। আবূ সাঈদ (রাঃ) বলেন, তখন তিনি আমাদের কাছে এসে বললেন, তোমরা জান না যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ অনুমতি গ্রহন তিনবার। রাবী (আবূ সাঈদ) বলেন, লোকেরা তখন (এ কথা শুনে) হাসাহাসি করতে লাগল। রাবী বলেন, আমি বললাম, তোমাদের কাছে আমদের একজন মুসলিম ভাই এসেছেন, যাকে সন্ত্রস্ত করা হয়েছে, আর তোমরা হাসছ? (আমি তাকে বললাম) চলুন! এ শাস্তিতে আমি আপনার শরীক রয়েছি। তখন তিনি (আমাকে সঙ্গে নিয়ে) তাঁর কাছে গিয়ে বললেন, এই যে! আবূ সাঈদ ...... (আমার সাক্ষী)।