মুসলিম শরীফ - হাদীস নং ৫,৪৪৬
(খলীফা) উমর (রাঃ) এর কাছে আবূ মূসা (রাঃ) তিনবার অনুমতি চাইলেন। তখন (জবাব না পেয়ে) তিনি যেন তাঁকে ব্যস্ততায় নিমগ্ন মনে করে ফিরে গেলেন। তখন উমর (রাঃ) বললেন, আমরা কি আবদুল্লাহ ইবনু কায়স (আবূ মূসা) এর আওয়ায শুনিনি? তাকে অনুমতি দাও! তখন তাকে উমরের কাছে ডাকা হল। তখন তিনি তাঁকে বললেন, এরূপ করতে তোমাকে কিসে উদ্বুদ্ধ করেছে? তিনি বললেন, আমাদের এরূপ করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বললেন, অবশ্যই তুমি এ বিষয়ে প্রমাণ পেশ করবে, অন্যথায় আমি অবশ্যই এমন করব (শাস্তি দিব)। তিনি বেরিয়ে গিয়ে আনসারীদের এক মজলিসে পৌঁছেলেন। তাঁরা বললেন, আমাদের মাঝের সবচে’ কম বয়সের ব্যক্তই এ বিষয়ে তোমার পক্ষে সাক্ষ্য দেবে। তখন আবূ সাঈদ (রাঃ) উঠলেন এবং বললেন, আমাদের এরূপই নির্দেশ দেয়া হয়। তখন উমর (রাঃ) বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এ বিষয়টি আমার কাছে গুপ্ত (অজ্ঞাত) রয়েছে। (কারন) বাজারের ব্যবসায় আমাকে এ বিষয় থেকে গাফিল রেখেছে।