মুসলিম শরীফ - হাদীস নং ৫,৫৮৭
তিনি বলেন, আমরা মদিনায় অবস্থান করছিলাম। তখন আমার কাছে খবর পৌছল যে, কুফায় প্লেগ দেখা দিয়েছে। তখন আতা ইবনু ইয়াসার (রাঃ) প্রমুখ আমাকে বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তুমি যখন কোন এলাকায় থাকবে, সেখানে তা দেখা দিলে সেখান থেকে বের হয়ো না। আর যদি তোমার কাছে সংবাদ পৌছে যে, তা কোন এলাকায় রয়েছে, তা হলে সেখানে যেও না। রাবী বলেন, আমি বললাম, এ রিওয়ায়াত কার তরফ থেকে? তাঁরা বললেন, আমির ইবনু সা’দ (রহঃ) থেকে তিনি তা বর্ণনা করে থাকেন। রাবী বলেন, তখন আমি তাঁর কাছে গেলাম। তারা বলল, তিনি বাড়িতে নেই। তখন আমি তার ভাই ইবরাহীম ইবনু সা’দ (রহঃ) এর সাথে দেখা করে তাঁকে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, উসামা (রাঃ) যখন সা’দকে হাদীস শোনাচ্ছিলেন, তখন আমি হাযির ছিলাম। তিনি বললেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে উনেছি। এ ব্যাধি একটি মহামারী কিংবা একটি আযাব কিংবা আযাবের অবশিষ্টাংশ-- যা দিয়ে তোমাদের পুর্বেকার কতক লোককে শাস্তি দেয়া হয়েছিল। সুতরাং কোন এলাকায় তোমাদের অবস্থানকালে যদি তা দেখা দেয়, তখন সেখান থেকে তোমরা বের হয়ো না। আর যদি তোমাদের কাছে সংবাদ পৌছে যে, তা কোন এলাকায় রয়েছে, তাহলে সেখানে যেও না। হাবীব (রহঃ) বলেন, তখন আমি ইবরাহীম (রহঃ) কে বললাম, আপনি কি শুনেছেন যখন উসামা (রাঃ) সা’দ (রাঃ) এর কাছে হাদীস বর্ণনা করছিলেন, আর তিনি তাতে প্রতিবাদ করেননি? বললেন, হ্যাঁ।