মুসলিম শরীফ - হাদীস নং ৫,৭২৯
ইবনু আব্বাস (রাঃ) কিংবা আবূ হুরায়রা (রাঃ) হাদীস বর্ণনা করতেন যে, এক ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে এল। অন্য বর্ণনায় হারামালা ইবনু ইয়াহইয়া তুজীবী (রহঃ) উবায়দুল্লাহ ইবনু আবদুল্লাহ ইবনু উতবা (রাঃ) [ইবনু শিহাব (রহঃ) কে] খবর দিয়েছেন যে, ইবনু আব্বাস (রাঃ) এ হাদীস বর্ণনা করতেন যে, এক ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে এসে বলল, ইয়া রাসুলল্লাহ! আমি আজরাতে স্বপ্ন দেখলাম যে, শামিয়ানা থেকে ঘি ও মধু ঝরে পড়ছে আর লোকদের দেখলাম তারা তা থেকে তাদের হাতের অঞ্জলি ভরে ভরে নিয়ে যাচ্ছে। কেউ অধিক পরিমাণ নিচ্ছে কেউ অল্প পবিমাণে। আর একটি রশি দেখলাম আসমান থেকে যমীন পর্যন্ত সংযুক্ত। আর দেখলাম আপনি তা ধরলেন এবং উপর উঠে গেলেন, তারপর একজন লোক তা ধরল এবং সে উপর উঠে গেল,তারপর একজন লোক তা ধরল এবং সেও উপর উঠে গেল তারপর আর একজন লোক তা ধরল এবং তা ছিঁড়ে পড়ে গেল। পরে তা তার জন্য জুড়ে দেয় হল এবং সেও উপরে উঠে গেল। স্বপ্ন বর্ণনার এ পর্যায় আবূ বকর (রাঃ) বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমার পিতা আপনার জন্য উৎসর্গিত! আল্লাহর কসম! অবশ্য আপনি আমাকে অবকাশ দিবেন তা হলে আমি এ স্বপ্নটির তাবীর করব। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি তাবীর করুন। আবূ বকর (রাঃ) বললেন, শামিয়ানাটি হল ইসলামের (রূপক) শামিয়ানা, আর যে ঘি ও মধুর ফোঁটা ঝাড়ে পড়ছিল তা হচ্ছে আল কুরআন এর মধুরতা ও কোমলতা, আর মানুষেরা যে তা থেকে অঞ্জলি ভরে ভরে নিয়ে-যাচ্ছিল, তা হলো কেউ অধিক পরিমাণে আর কেউ অল্প পরিমাণে আল-কুরআন থেকে আহরণ করয়ে আর আসমান থেকে যমীন পর্যন্ত সংযুক্ত রশিটি হল হক ও সত্য (পথ), যার উপরে আপনি রয়েছেন তা ধারণ করলেন, আর আল্লাহ তা দিয়ে আপনাকে উপরে তুলে নিলেন। এরপর আপনার পরে এক ব্যক্তি তা ধারণ করবে এবং তা দিয়ে সেও উপরে উঠে যাবে তারপর এক ব্যক্তি তা ধারণ করবে সেও উপরে উঠে যাবে। তার পর আর এক ব্যক্তি তা ধারণ করবে এবং তা ছিঁড়ে পড়ে যাবে পরে তা তার জন্য জুড়ে দেয়া হবে এবং তা দিয়ে সে উপরে উঠে যাবে। ইয়া রাসুলাল্লাহ! এখন আমাকে বলে দিন আমার পিতা ও মাতা আপনার উদ্দেশ্যে উৎসর্গিত, আমি ঠিক বলেছি কিংবা ভুল বলেছি? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আপনি কতক ঠিক বলেছেন আর কতক ভুল বলেছেন। তিনি বললেন, তা হলে আল্লাহর কসম ইয়া রাসুলাল্লাহ! যা আমি ভুল করেছি, তা অবশ্যই আপনি আমাকে বর্ণনা করে দিবেন। তিনি বললেন, এভাবে কসম করবেন না।