মুসলিম শরীফ - হাদীস নং ৫,৮০৯
আবূ মা’আন রাক্কাশী (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্নিত, তিনি বলেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। একদিন তিনি আমাকে একটি কাজে যাওয়ার নির্দেশ দিলেন, তখন আমি বললাম, আল্লাহর কসম! আমি যাব না। অথচ আমার অন্তরে ছিল, যে কাজে আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন, আমি সে কাজে যাব। তারপর আমি বের হয়ে ছেলেদের পাশ দিয়ে যাচ্ছিলাম। তারা বাজারে খেলা করছিল। হঠাৎ করে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিয়ে এসে আমার ঘাড় ধরলেন। আনাস বলেন, আমি তাঁর দিকে তাকালাম তখন তিনি হাসছিলেন। তিনি জিজ্ঞাসা করলেনঃ হে উনায়স! তুমি কি ওখানে গিয়েছিলে, যেখানে তোমাকে যাওয়ার আদেশ দিয়েছিলাম? তিনি বলেন, আমি বললাম, হ্যাঁ, ইয়া রাসুলাল্লাহ! আমি অবশ্যই যাচ্ছি। আনাস (রাঃ) বলেন, আল্লাহর কসম! আমি নয় বছর তাঁর খিদমত করেছি, কিন্তু আমার জানা নাই, কোন কাজ আমি করেছি সে সম্পর্কে বলেন নি, এমন এমন কেন করলে কিংবা কোন কাজ করি নি, সে সম্পর্কে বলেন নি, অমুক অমুক কাজ কেন করলে না।