মুসলিম শরীফ - হাদীস নং ৫,৮১৮
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাত্রে আমার একটি সন্তান জন্মলাভ করে, আমি তার নাম আমার পিতা ইবরাহীম (আলাইহিস সালাম) এর নামে রাখি। তারপর তিনি ঐ সন্তানকে উম্মে সাইফ নামক একজন মহিলা কে দিলেন। তিনি ছিলেন একজন কর্মকারের স্ত্রী। কর্মকারের নাম আবূ সাইফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবূ সাইফ এর নিকট যাচ্ছিলেন আর আমিও তার সাথে যাচ্ছিলাম। যখন আমরা আবূ সাইফের ঘরে উপস্থিত হই, তখন সে তার হাঁপর বা ফুঁকনীতে ফুঁ দিচ্ছিল, পূর্ণ ঘর ধোঁয়ায় ভরপুর ছিল। আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে দৌড়ে গিয়ে আবূ সাইফকে বললাম, তুমি একটু অপেক্ষা কর। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। সে অপেক্ষা করল তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেকে ডাকালেন এবং তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং যা আল্লাহর ইচ্ছা হয়েছে, তা বললেন। আনাস (রাঃ) বলেন, আমি ঐ ছেলেকে দেখলাম, সে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে বড় বড় শ্বাস ফেলছিল। তা দেখে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুই চক্ষু অশ্রুসিক্ত হয়েছিল। তখন তিনি বললেনঃ চোখ কাঁদছে, মন ব্যথিত হচ্ছে, মুখে আমরা তা-ই বলব; যা রাব্বূল আলামীন পছন্দ করেন। হে ইবরাহীম! আল্লাহর কসম! আমরা তোমার কারণে (বিচ্ছেদে) দুঃখিত।