মুসলিম শরীফ - হাদীস নং ৫,৯০৯
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য ঢলার পর বাইরে এলেন এবং লোকদের নিয়ে যোহরের সালাত আদায় করলেন। যখন সালাম ফিরালেন তখন মিম্বরে উঠে কিয়ামতের আলোচনা করলেন এবং উল্লেখ করলেন যে, এর আগে অনেক বড় বড় ব্যাপার সংঘটিত হবে। এরপর বললেনঃ তোমাদের মধ্যে যে ব্যক্তি আমাকে কোন বিষয়ে প্রশ্ন করতে চায়, সে যেন সে সম্পর্কে আমাকে প্রশ্ন করে। আল্লহর কসম! যতক্ষন পর্যন্ত আমি এ স্থানে রয়েছি, ততক্ষন তোমরা আমাকে যে বিষয়েই প্রশ্ন করবে, আমি তা বলে দিব। আনাস ইবনু মালিক (রাঃ) বলেন, এ কথা শুনে লোকেরা খুবই কান্নাকাটি শুরু করে দিল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারংবার বলতে থাকলেন, আমাকে প্রশ্ন কর। তখন আবদুল্লাহ ইবনু হুযাফা (রাঃ) দাঁড়িয়ে বললেন, আমার পিতা কে? ইয়া রাসুলাল্লাহ! তিনি বললেনঃ তোমার পিতা হুযাফাহ। এরপর যখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারংবার বলতে থাকলেন আমাকে প্রশ্ন কর। তখন উমর (রাঃ) হাটু গেড়ে বসে বললেন, সন্তুষ্ট চিত্তে আমরা আল্লাহকে রব্ব, ইসলামকে দ্বীন এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রাসুল হিসেবে মেনে নিয়েছি। আনাস ইবনু মালিক (রাঃ) বলেন, উমর (রাঃ) যখন এ কথা বললেন, তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেলেন। রাবী বলেন, এরপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ বিপদ (সন্নিকটে)। মুহাম্মাদের প্রাণ যার হাতে, তাঁর কসম! এ দেয়ালটির পাশে এখনই আমার সম্মুখে জান্নাত ও জাহান্নাম পেশ করা হয়। অতএব আজকের মত ভাল এবং মন্দ আমি আর দেখি নি। ইবনু শিহাব (রহঃ) বলেন, উবায়দুল্লাহ ইবনু আবদুল্লাহ ইবনু উতবাহ আমাকে বলেছেন, তিনি বলেন, আবদুল্লাহ ইবনু হুযাফার মা আবদুল্লাহ ইবনু হুযাফাকে বলেছেন, তোমার চেয়ে বেশি অবাধ্য কোন সন্তানের কথা আমি শুনিনি নি। তুই কি এ কথা থেকে নিশ্চিন্ত ছিলি যে, তোর মাও হয়ত এমন কোন পাপ করে বসেছে যা জাহেলী যুগের নারীরা করতো, আর তুই তোর মাকে লোকদের সামনে অপমান করতিস! আবদুল্লাহ ইবনু হুযাফা (রাঃ) উত্তরে বললেন, আল্লাহর কসম! যদি তিনি আমাকে একটা কাল হাবশীর সাথেও সস্পর্কিত করতেন (তাকে আমার পিতা সাব্যস্ত করতেন) তবে আমি তা গ্রহণ করে নিতাম।