Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,৯১১

প্রায় ২ মিনিট · ১৮৮ শব্দ

লোকেরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রশ্ন করতে লাগল। এমনকি তারা তাঁকে প্রশ্ন করে জর্জরিত করে ফেললো। তখন একদিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে এসে মিম্বরে উঠে বললেনঃ আমাকে জিজ্ঞাসা কর, যে কোন বিষয়ে তোমরা আমাকে জিজ্ঞাসা করবে আমি অবশ্যই তোমাদের বর্ণনা করে দেব। লোকেরা একথা শুনে তাঁকে প্রশ্ন করা থেকে মুখ বন্ধ রাখল এবং ঘাবড়িয়ে গেল, না জানি সম্মুখে কোন বিষয় উপস্থিত হয়ে পড়ে! আনাস (রাঃ) বলেন আমি ডানে বাঁয়ে দেখতে লাগলাম। সব মানুষ নিজ নিজ মাথা কাপড়ে ঢেকে কাঁদছিল। তখন মসজিদ থেকে একজন লোক উঠল যাকে ঝগড়া লাগলে তার পিতা ব্যতীত অন্যের দিকে তাকে সম্পর্কিত করা হতো। সে বলল, হে আল্লাহর নবী! কে আমার পিতা? তিনি বললেন, তোমার পিতা হুযাফা। এরপর উমর (রাঃ) উঠে বললেন, আমরা সন্তুষ্টচিত্তে আল্লাহকে রব্ব, ইসলামকে দ্বীন এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রাসুল হিসেবে মেনে নিলাম। (আর) আল্লাহর আশ্রয় প্রার্থনা করি ফিতনার অকল্যাণ থেকে। এরপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আজকের মতো ভাল এবং মন্দ আমি কখনো দেখি নি। আমার সন্মুখে জান্নাত ও জাহান্নামের চিত্র তুলে ধরা হয়। তাই আমি উভয়টিকে এ দেয়ালের পাশে দেখতে পাই।

ছবি বানান