Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,৯৫২

প্রায় ২ মিনিট · ২৬২ শব্দ

হারামালা ইবনু ইয়াহিয়া (রহঃ) ... আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণনা করেন, ইবনু আব্বাস এবং হুরের ইবনু কায়স ইবনু হিসন ফাযারী মূসা (আলাইহিস সালাম) এর সাথী সম্বন্ধে বিতর্ক করলেন। ইবনু আব্বাস (রাঃ) বললেন, তিনি ছিলেন খিযির (আলাইহিস সালাম)। তখন উবাই ইবনু কা’ব (রাঃ) সেখান থেকে পথ চলছিলেন, ইবনু আব্বাস (রাঃ) তাকে বললেন, হে আবূ তুফায়ল! এদিকে আসুন, আমি এবং সে বিতর্ক করছি মূসা (আলাইহিস সালাম) এর সাথীর ব্যাপারে, যার কাছে তিনি গিয়েছিলেন। আপনি কি এ ব্যাপারে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু শুনেছেন? উবাই ইবনু কাব (রাঃ) বললেন, আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, মূসা (আলাইহিস সালাম) এক সমাবেশে কিছু বলছিলেন, এমন সময় একটা লোক এসে প্রশ্ন করলো, আপনার চেয়ে বেশি জ্ঞানী কোন ব্যক্তি সম্পর্কে কি আপনার জানা আছে? মূসা (আলাইহিস সালাম) বললেন, না। তখন আল্লাহ ওহী পাঠালেন, আমার বান্দা খিযির তোমার চেয়ে বেশি জানেন। মূসা (আলাইহিস সালাম) খিযির (আলাইহিস সালাম) এর সাক্ষাত লাভের উপায় জিজ্ঞেস করলেন। আল্লাহ তাআলা মাছকে নিদর্শন হিসেবে ঠিক করলেন এবং তাকে বলা হল, যখন তুমি মাছটি হারিয়ে ফেলবে, তখন ফিরবে আর তাঁর দেখাও মিলবে। মূসা (আলাইহিস সালাম) আল্লাহর ইচ্ছা মতো চললেন। এরপর তাঁর সাথীকে বললেন, আমাদের নাশতা পরিবেশন কর। খাদিম বললো, আপনার কি জানা নেই যে, আমরা যখন বিশাল পাথরের কাছে পৌঁছলাম তখন মাছের কথা ভুলে গিয়েছি; আর শয়তানই তা (আপনাকে) বলার বিষয়টি আমাকে ভুলিয়ে দিয়েছে। মূসা (আলাইহিস সালাম) বললেন, এটাই তো সে স্থান যা আমরা খুঁজছিলাম। অতঃপর উভয়েই পদাংক অনুসরণ করে ফিরলেন (সূরা কাহফঃ ৬৩-৬৪) এবং খিযির (আলাইহিস সালাম) কে পেলেন। পরবর্তী ঘটনা আল্লাহ তা’আলা তাঁর কিতাবে উল্লেখ করেছেন। তবে ইউনুস (রহঃ) এর বর্ণনায় বলা হয়েছে যে, 'তাঁরা সমুদ্রগামী মাছটির চিহ্ন অনুসরণ করে ফিরছিলেন।

ছবি বানান