Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৬,০৮৯

প্রায় ২ মিনিট · ১৬২ শব্দ

আবদুল্লাহ ইবনু আবদুল রহমান দারিমী (রহঃ) ... মিসওয়ার ইবনু মাখরামা (রাঃ) থেকে বর্ণনা করেন, আলী ইবনু আবূ তালিব (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তনয়া ফাতিমাকে ঘরে রেখেই আবূ জাহলের কন্যাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। ফাতিমা (রাঃ) যখন এ খবর শুনলেন তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললেন, লোকেরা বলাবলি করে যে, আপনি আপনার মেয়েদের ব্যাপারে রাগ প্রকাশ করেন না। আর এই যে আলী (রাঃ) আবূ জাহলের মেয়েকে বিয়ে করতে যাচ্ছে। মিসওয়ার (রাঃ) বললেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন। এ সময় আমি শুনলাম তিনি তাশাহুদ পড়লেন এবং বললেনঃ আমি আবূল আস ইবনুল রাবীর কাছে বিয়ে দিয়েছি, সে আমাকে যা বলেছে, তা সত্য পরিণত করেছে। আর মুহাম্মাদ তনয়া ফাতিমা আমারই একটা টুকরা, আমি পছন্দ করি না যে, লোকে তাকে ফিতনায় ফেলুক। আল্লাহর কসম! আল্লাহর রাসূলের মেয়ে ও আল্লাহর দুশমনের মেয়ে কোন ব্যাক্তির কাছে কখনো একত্রিত হতে পারে না। মিসওয়ার (রাঃ) বলেন, এরপর আলী (রাঃ) প্রস্তাব ছেড়ে দেন। আবূ মা’আন রাক্কাশী (রহঃ) ... যুহরী (রহঃ) থেকে এ সনদে অনুরূপ হাদীস বর্ণনা করেন।

ছবি বানান