Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৬,২৬৫

প্রায় ৩ মিনিট · ৪২০ শব্দ

উকবা ইব্‌ন মুক্‌রাম আল-আম্মী (রহঃ) ... আবূ নাওফাল (রহঃ) বলেন যে, আমি (মক্কায়) আকাবাতুল মদীনা নামক ঘাঁটিতে আবদুল্লাহ ইব্‌ন যুবায়র (রাঃ) কে (শুলীকাষ্ঠে ঝুলতে) দেখতে পেলাম। বর্ণনাকারী বলেন, তখন কুরায়শী ও অন্যান্য লোকজন তাঁর নিকট দিয়ে যাচ্ছিল। অবশেষে আবদুল্লাহ ইব্‌ন উমর (রাঃ) তাঁর নিকট দিয়ে যাওয়ার সময় থামলেন এবং বললেন, আসসালামু আলায়কা ইয়া আবু খুবায়ব, আসসালামু আলায়কা ইয়া আবু খুবায়ব, আসসালামু আলায়কা ইয়া আবু খুবায়ব। আল্লাহ্‌র কসম! আমি অবশ্য আপনাকে এ থেকে বিরত থাকতে বলেছিলাম, আমি অবশ্য আপনাকে এ থেকে বিরত থাকতে বলেছিলাম, আমি অবশ্য আপনাকে এ থেকে বিরত থাকতে বলেছিলাম। আল্লাহ্‌র কসম! আমি যতদূর জানি আপনি ছিলেন অত্যধিক (নফল) সিয়াম পালনকারী, অত্যধিক সালাত আদায়কারী এবং আত্মীয়তার সম্পর্ক অধিক রক্ষাকারী। আল্লাহ্‌র কসম, যে উম্মতের আপনি নিকৃষ্ট ব্যক্তি (যদি তা-ই বাস্তব হয়) তবে সে উম্মতে অবশ্যই শ্রেষ্ঠ উম্মত। এরপর আবদুল্লাহ ইব্‌ন উমর (রাঃ) সেখান থেকে চলে গেলেন। আবদুল্লাহ ইব্‌ন উমর (রাঃ) এর এই অবস্থান (থামা) ও তাঁর বক্তব্য হাজ্জাজ্জের কানে পৌঁছল। তখন সে আবদুল্লাহ ইব্‌ন যুবায়রের কাছে লোক পাঠাল এবং তাঁকে শূলীর উপর থেকে নামানো হল। এরপর ইয়াহুদীদের কবরস্থানে তাঁকে নিক্ষেপ করা হোল। এরপর সে তাঁর মা আসমা বিন্‌ত আবূ বকর (রাঃ) কে ডেকে পাঠাল। তিনি তাঁর কাছে আসতে অস্বীকার করলেন। হাজ্জাজ পুনরায় তাঁর কাছে লোক পাঠাল, তাঁকে তাঁর কাছে আসার জন্য এই বলে যে, তোমাকে অবশ্যই আসতে হবে। অন্যথায় তোমার কাছে এমন লোক পাঠাবো যে তোমাকে তোমার চুলের বেণী ধরে টেনে আনবে। বর্ণনাকারী বললেন, এরপরও তিনি অস্বীকার করলেন এবং বললেন, আল্লাহ্‌র কসম! আমি সে পর্যন্ত তোমার কাছে আসব না যতক্ষণ না তুমি আমার কাছে এমন লোক পাঠাবে, যে আমার চুলের বেণী ধরে টেনে নিয়ে যাবে। বর্ণনাকারী বলেন, এরপর হাজ্জাজ বলল, আমার জুতা মোজা আন। তারপর সে জুতা পরিধান করলো এবং দ্রুতগতিতে আসমা বিন্‌ত আবু বকর (রাঃ) এর কাছে পৌঁছল এবং সে বলল, তুমি তো দেখলে আল্লাহ্‌র দুশমন (তোমার পুত্র ইব্‌ন যুবায়র) এর সঙ্গে আমি কী আচরণ করেছি। তিনি বললেন, “হ্যাঁ আমি তোকে দেখছি, তুই তাঁর দুনিয়া নষ্ট করে দিয়েছিস। আর সে তোর আখিরাত বরবাদ করে দিয়েছে। আমি জানতে পেরেছি যে, তুই তাঁকে (তিরস্কার সরূপ) দুই কোমরবন্দ পরিহিতার পুত্র বলে সম্বোধন করে থাকিস। আল্লাহ্‌র কসম! আমিই দুই কোমরবন্দ পরিহিতা। এর একটির মধ্যে আমি রাসূলুল্লাহ (সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম) এবং আবু বক্‌র (রাঃ) এর আহার্য সামগ্রী বেঁধে তুলে রাখতাম, বাহনের পশু থেকে। আরেকটি হল যা স্ত্রীলোকের জন্য অপরিহার্য। জেনে রাখ, রাসূলুল্লাহ (সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাদের কাছে বর্ণনা করেছে যে, সাকীফ গোত্রে এক মিথ্যুকের আবির্ভাব ঘটবে এবং এক রক্ত প্রবাহকারী (খুনীর)। মিথ্যুককে তো আমরা সবাই দেখেছি, আমি রক্ত প্রবাহকারী তোকে ছাড়া আর কাউকে মনে করছি না” একথা শুনে সে (হাজ্জাজ) উঠে দাঁড়াল এবং তাঁর [আসমা (রাঃ) এর] কথার কোন প্রতি উত্তর করল না।

ছবি বানান