Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৬,৩৩৮

প্রায় ৩ মিনিট · ৪১৭ শব্দ

যা তিনি আল্লাহ তা’আলা থেকে বর্ণনা করেন (অর্থাৎ হাদীছে কুদসী), ওহে আমার বান্দারা! আমি আমার নিজের উপর যুলুমকে হারাম করে নিয়েছি এবং তোমাদের মধ্যেও তা হারাম বলে ঘোষণা করছি। কাজেই তোমরা একে অপরের উপর যুলুম করো না। হে আমার বান্দারা! তোমরা সবাই ছিলে পথহারা, আমি যাকে সুপথ দেখিয়েছি সে ব্যতীত। সুতরাং তোমরা আমার কাছে হিদায়াত চাও আমি তোমাদের হিদায়াত দান করব। হে আমার বান্দারা! তোমরা সবাই ক্ষুধার্ত, আমি যাকে খাদ্য দান করি সে ব্যতীত। তোমরা আমার কাছে আহার্য চাও, আমি তোমাদের আহার করাব। হে আমার বান্দারা! তোমরা সবাই বস্ত্রহীন উলঙ্গ আমি যাকে পরিধান করাই সে ব্যতীত। তোমরা আমার কাছে পরিধেয় চাও, আমি তোমাদের পরিধান করাব। হে আমার বান্দারা! তোমরা রাতদিন গোনাহ করে থাক। আর আমিই সমস্ত অপরাধ ক্ষমা করি। সুতরাং তোমরা আমার কছে মাগফিরাত কামনা কর, আমি তোমাদের ক্ষমা করে দেব। হে আমার বান্দারা! তোমরা কখনো আমার অনিষ্ট করার মত কিছু খুজে পাবে না যা দিয়ে তোমরা আমাকে ক্ষতিগ্রস্ত করবে এবং তোমরা কখনো আমার উপকার করার মত কিছু খুজে পাবে না, যাতে আমি উপকৃত হতে পারি। হে আমার বান্দারা! তোমাদের প্রথম ব্যক্তি হতে তোমাদের শেষ ব্যক্তি, তোমাদের সকল মানুষ ও জ্বীন তোমাদের মধ্যে যার অন্তর আমাকে সবচাইতে বেশী ভয় পায়, তোমরা সত্যই যদি তার মত হয়ে যাও তাতে আমার রাজত্ব একটুও বৃদ্ধি পাবে না। হে আমার বান্দারা! তোমাদের প্রথম, তোমাদের শেষ, তোমাদের সকল মানুষ, সকল জ্বিন তোমাদের মধ্যে যার অন্তর সবচাইতে পাপিষ্ঠ তার মত হয়ে যাও তাহলে আমার রাজত্ব কিছুমাত্র হ্রাস পাবে না। হে আমার বান্দারা! তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সকল মানুষ ও জ্বীন যদি কোন বিস্তীর্ণমাঠে দাঁড়িয়ে সবাই আমার কাছে চাও আর আমি প্রত্যেক ব্যক্তির চাহিদা পূরণ করি তাহলে আমার কাছে যা আছে তাতে এর চাইতে বেশী ঘাটতি হবে না, যেমন কেউ সমুদ্রে একটি সুচ ডুবিয়ে দিলে যতটুকু ঘাটতি হয়। হে আমার বান্দারা! আমি তোমাদের আমলই তোমাদের জন্য সংরক্ষিত রাখি। এরপর পুরোপুরিভাবে তার বিনিময় দান করে থাকি। সুতরাং যে ব্যক্তি কোন কল্যাণ লাভ করে সে যেন আল্লাহর প্রশংসা করে। আর যে তা ব্যতীত অন্য কিছু পায়, তবে সে যেন নিজকেই দোষারোপ করে। সাঈদ (রহঃ) বলেন, আবূ ইদরীস খাওলানী (রহঃ) যখন এই হাদীস বর্ণনা করতেন তখন তিনি দুহাটুর উপর ভর দিয়ে বসতেন। আবূ বকর ইবনু ইসহাক (রহঃ) ... সাঈদ ইবনু আবদুল আযীয (রহঃ) এই সনদে বর্ণনা করেন। তবে মারওয়ান তাদের মধ্যে অধিক পরিপূর্ন হাদীস বর্ণনা করেছেন। আবূ ইসহাক (রহঃ) বলেন, বিশর (রহঃ) এর পুত্রদ্বয় হাসান ও হুসায়ন এবং মুহাম্মাদ ইবনু ইয়াহইয়া বলেছেন, আমাদের কাছে আবূ মুসহির এই হাদীস বর্ণনা করেছেন ...... এই হাদিসটি পুরোপুরি উল্লেখ করেছেন।

ছবি বানান