মুসলিম শরীফ - হাদীস নং ৬,৫৮২
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ পছন্দ করে আল্লাহ তার সাক্ষাৎ পছন্দ করেন। আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ অপছন্দ করে আল্লাহ তার সাক্ষাৎ অপছন্দ করেন। তিনি (শুরায়হ) বলেন, এরপর আমি আয়িশা (রাঃ) এর কাছে এলাম এবং বললাম, হে উম্মুল মুমিনীন! আমি আবূ হুরায়রা (রাঃ) কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদীস বর্ণনা করতে শুনেছি। যদি বিষয়টি এরূপ হয় তাহলে আমরা ধ্বংস হয়ে গেছি। তখন তিনি [আয়িশা (রাঃ)] বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা মত যে ব্যক্তি ধ্বংস হয়েছে, সে বস্তুতই ধ্বংস হয়েছে। বিষয়টি কী? (রাবী) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ ভালবাসে আল্লাহ তার সাক্ষাৎ ভালবাসেন। আর যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ অপছন্দ করে আল্লাহও তার সাক্ষাৎ অপছন্দ করেন। অথচ আমাদের মাঝে এমন কেউ নেই, যে মৃত্যুকে অপছন্দ করে না। তখন তিনি (আয়িশা (রাঃ) বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন। তবে তুমি যা বুঝেছ ব্যাপারটি ঠিক তা নয়। প্রকৃতপক্ষে যখন চক্ষু স্থির হয়ে যাবে, শ্বাস বক্ষে আটকে যাবে, শরীর শিউরে উঠবে এবং আংগুলগুলো সংকুচিত টানটান হয়ে যাবে তখন (ঐ মুহূর্তে) যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ পছন্দ করবে আল্লাহ তার সাক্ষাৎ পছন্দ করবেন এবং সে সময় যে আল্লাহর সাক্ষাহু অপছন্দ করবে আল্লাহ তার সাক্ষাৎ অপছন্দ করবেন।