মুসলিম শরীফ - হাদীস নং ৬,৭০৩
তিনি বলেন, আবদুল্লাহ (রাঃ) অসুস্থ ছিলেন। তার দেখার জন্য (একদা) আমি তাঁর নিকট গেলাম। তখন তিনি আমাকে দু’টি হাদীস শোনালেন। একটি নিজের পক্ষ থেকে (নিজের সম্পর্কে) এবং অপরটি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একথা বলতে শুনেছি যে, আল্লাহ তাআলা তার মুমিন বান্দার তাওবার কারণে ঐ ব্যক্তির চেয়েও অধিক আনন্দিত হন, যে ব্যক্তি ছায়া-পানিহীন আশংকাপূর্ণ প্রান্তরে রয়েছে এবং তার সাথে আছে তার বাহন সাওয়ারী, যার পিঠে রয়েছে তার পানাহার সামগ্রী। সে (সাময়িক বিশ্রামের জন্য) ঘুমিয়ে পড়ে। তারপর ঘুম থেকে জেগে দেখে যে, সাওয়ারীটি সেখানে নেই। এরপর সে সেটি তালাশ করতে করতে পিপাসার্ত হয়ে পড়ে এবং বলে, আমি আমার আগের জায়গায়ই ফিরে যাব এবং ঘুমাতে ঘুমাতে মরে যাই। (এ কথা বলে) সে মৃত্যূর জন্য বাহুতে মাথা রাখল। (কিছুক্ষণ পর) জাগ্রত হয়ে সে দেখল, সাওয়ারীটি তার কাছেই রয়েছে এবং (যথারীতি) তার উপর রয়েছে পানাহার সামগ্রী এবং (সাওয়ারী এবং পানাহার সামগ্রী পেয়ে) লোকটি যে পরিমাণ আনন্দিত হয়, মুমিন বান্দার তাওবার কারণে আল্লাহ এর চেয়েও অধিক আনন্দিত হন।