মুসলিম শরীফ - হাদীস নং ৬,৮০০
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সমস্ত পৃথিবী কিয়ামতের দিন একটি রুটির ন্যায় হয়ে যাবে। আল্লাহ সেটি নিজ হাতে ওলট-পালট করবেন, যেমন তোমাদের মধ্যে কেউ সফরের সময় নিজ রুটি ওলট-পালট করে। এ দিয়ে হবে জান্নাতবাসীর মেহমানদারী। এ সময় এক ইয়াহুদী-ব্যক্তি এসে বললো, হে আবূল কাসিম! ’রহমান’ আপনার প্রতি বরকত দান করুন। কিয়ামতের দিন জান্নাতবাসীদের মেহমানদারী সম্পর্কে আপনাকে জানাবো কি? তিনি বললেন, হ্যাঁ। ইয়াহুদী বললো, ’এ পৃথিবী একটি রুটিতে পরিণত হয়ে যাবে, যেমন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। বর্ণনাকারী বলেন, তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে তাকিয়ে এমনভাবে হেসে দিলেন যে, তাঁর মাড়ির দাঁত প্রকাশিত হয়ে পড়েছিল। সে (ইয়াহুদী) বললো, তাদের তরকারী কি হবে তা কি আপনাকে বলব? তিনি বললেন, হ্যাঁ। সে বলল, ’বালাম’ এবং নূন। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, তা কি? সে বলল, ষাড় এবং মাছ যাদের কলিজার অংশ থেকে সত্তর হাজার লোক খেতে পারবে।