নাসাঈ শরীফ - হাদীস নং ১,৯৭০
তিনি বলেন, যখন আব্দুল্লাহ ইবনু উবাইর মৃত্যু হল, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তার উপর জানাজার সালাত আদায় করার জন্য ডাকা হল। যখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার জন্য দাঁড়ালেন তখন আমি তার দিকে দ্রুত গিয়ে বললাম ইয়া রাসুলাল্লাহ! আপনি ইবনু উবাইর উপর জানাজার সালাত আদায় করবেন? অথচ সে অমুক, অমুক দিন এরূপ বলেছিল। আমি গুনে গুনে বললাম, তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন এবং বললেন, হে উমর! আমা হতে সরে যাও, আমি যখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর পীড়াপীড়ি করতে লাগলাম তখন তিনি বললেন, আমাকে এখতিয়ার দেওয়া হলে আমি ইস্তিগফারকেই গ্রহণ করেছি। যদি আমি জানতাম যে, আমি সত্তর বারের বেশী ক্ষমা চাইলে তাকে ক্ষমা করা হবে তাহলে আমি সত্তরবারের বেশীই ক্ষমা চাইতাম। অতঃপর তিনি তার উপর জানাজার সালাত আদায় করলেন, তারপরে ফিরে গেলেন। কিছুক্ষণ পর সূরা বারাআতের দুটি আয়াত অবতীর্ণ হল, وَلاَ تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أَبَدًا وَلاَ تَقُمْ عَلَى قَبْرِهِ إِنَّهُمْ كَفَرُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَمَاتُوا وَهُمْ فَاسِقُونَ অর্থাৎ “তাদের কেউ মারা গেলে আপনি কখনো তার উপর জানাজার সালাত আদায় করবেন না এবং তার কবরের পাশেও দাঁড়াবেন না”। তারা আল্লাহ তা’আলার এবং তদীয় রাসুলের নাফরমানী করেছে এবং তারা নাফরমান অবস্থায় মৃত্যুবরণ করেছে, আমি পরে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আমার সেদিনের সাহসিকতায় আশ্চার্যান্বিত হয়ে গিয়েছিলাম। আল্লাহ ও তার রাসুলই অধিক জ্ঞাত।