নাসাঈ শরীফ - হাদীস নং ২,২২০
তিনি আবূ হুরায়রা (রাঃ) কে বলতে শুনেছেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, বনী আদমের প্রত্যেক নেক কাজ তার নিজের জন্য (কেননা সব কাজের প্রতিদান তাকে দেওয়া হয়) কিন্তু সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) আমারই জন্য (আল্লাহর জন্য) এবং আমিই নিজে তার প্রতিদান দিব। আর সাওম ঢাল স্বরূপ। তোমাদের মধ্যে কেহ যখন সাওম পালন করে, তখন সে যেন অশ্লীল বাক্য ব্যবহার না করে এবং উচ্চস্বরে কথা না বলে ও কারো উপর রাগান্বিত না হয়। যদি কেউ তাকে গালি দেয় বা গায়ে পড়ে ঝগড়া করতে আসে তখন সে যেন বলে, আমি সাওম পালন করছি। ঐ সত্তার শপথ যার পবিত্র হাতে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রাণ, সাওম পালনকারীর (ক্ষুধাজনিত কারণে) মুখের দুর্গন্ধ আল্লাহ তাঁআলার কাছে কস্তুরীর সুগন্ধি থেকেও অধিক পছন্দনীয় হবে। সাওম পালনকারীর জন্য দু’টি আনন্দ রয়েছে- যার দ্বারা সে আনন্দিত হবে। স্বীয় ইফতারের সময় সে আনন্দিত হবে এবং তার রবের সাথে সাক্ষাত করার সময় তার সাওম পালনের কারণে আনন্দিত হবে।