নাসাঈ শরীফ - হাদীস নং ৩০৮
তিনি বলেনঃ আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) আমাদের নিকট বায়তুল মাল সম্পর্কিত একটি হাদিস বর্ণনা করতে গিয়ে বলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়তুল্লাহর নিকট সালাত আদায় করছিলেন। তখন একদল কুরাইশ তথায় উপবিষ্ট ছিল। তারা একটি উট যবেহ করেছিল। তাদের একজন বলল, তোমাদের মধ্যে কে এর রক্তমাখা উদরস্থ গোবর (নাড়ি ভুঁড়ি সহ) নিয়ে তার কাছে গিয়ে অপেক্ষা করতে পারবে, তারপর যখন সে সিজদায় কপাল ঠেকাবে তখন তা পিঠের উপর রেখে দেবে? আবদুল্লাহ (রাঃ) বলেন, তখন তাদের সবচেয়ে নিকৃষ্ট ব্যাক্তিটি প্রস্তুত হল এবং গোবরযুক্ত নাড়ি ভুঁড়ি সহ হাতে নিয়ে অপেক্ষায় রইল। যখন তিনি সিজদায় গেলেন, তখন তা তার পিঠের উপর রেখে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যা ফাতিমা (রাঃ) এ খবর পেলেন এ সময় তিনি ছিলেন অল্পবয়স্কা। তিনি দৌড়ে এলেন এবং তার পিঠ হতে তা সরিয়ে ফেললেন। তিনি সালাত শেষ করে তিনবার বললেনঃ আয় আল্লাহ! কুরাইশকে ধর। হে আল্লাহ! আবূ জহল ইবনু হিশাম, শায়িবা ইবনু রবি’আ, উতবা ইবনু রবিআ, উকবা ইবনু আবূ মুআয়ত প্রমুখকে পাকড়াও কর। এভাবে তিনি সাতজনের নাম উল্লেখ করলেন। আবদুল্লাহ বলেন, সেই আল্লাহর কসম যিনি তার উপর কুরআন অবতীর্ণ করেছেন, আমি তাদের সকলকে বদরের দিন একই গর্তে মৃত অবস্থায় পতিত দেখেছি।