নাসাঈ শরীফ - হাদীস নং ৩,২৪০
আবদুর রহমান ইবন মুহাম্মদ ইবন সাল্লাম (রহঃ) ... আমির ইবন শারাহীল শাবী (রহঃ) বলেন, তিনি ফাতিমা বিনতে কায়স (রাঃ)-কে, যিনি প্রথম মহিলা হিজরত কারাণীদের অন্তর্ভুক্ত ছিলেন, বলতে শুনেছেন, আবদুর রহমান ইবন আউফ (রাঃ) মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একদল সাহাবীর মধ্যে আমার বিবাহের পয়গাম দিলেন। আর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ক্রীতদাস উসামা ইবন যায়দ-এর জন্যও আমার প্রস্তাব দিয়েছিলেন। আর আমার নিকট হাদীস বর্ণনা করা হয়েছে যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে আমাকে ভালবাসে সে যেন উসামাকে ভালবাসে। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার সাথে কথা বললেন, তখন আমি বললামঃ আমার ব্যাপার আপনার ইখতিয়ারে। আপনি যার সাথে ইচ্ছা আমার বিবাহ দিতে পারেন। তিনি বললেনঃ তুমি উম্মে শরীকের নিকট যাও। উম্মে শরীক সম্পদশালীণী আনসার মহিলা, আল্লাহর রাস্তায় অত্যধিক দানকারীণী। তার নিকট বহু অতিথি মেহমানের সমাগম হয়ে থাকে। আমি বললামঃ আচ্ছা আমি তাই করব। পরে তিনি বললেনঃ না, তার নিকট যেও না, কারণ উম্মে শরীকের নিকট বহু মেহমানের সমাগম ঘটে। হয়তো তোমার উড়না পড়ে যাবে। অথবা তোমার কাপড় সরে যাবে তোমার পায়ের গোছা হতে, আর লোকেরা তোমার এমন স্থান দেখে ফেলবে, যা তুমি দেখাতে চাও না। আর এটা আমার পছন্দ হয় না। তাই তুমি তোমার চাচাত ভাই আবদুল্লাহ ইবন আমর ইবন উম্মে মাকতুম-এর নিকট যাও। সে বনী ফিহরের লোক। এরপর আমি তার নিকট গেলাম। (সংক্ষিপ্ত)