Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ৬৩৩

প্রায় ৩ মিনিট · ৩৭২ শব্দ

আব্দুল্লাহ ইবনু মুহাইরীয (রাঃ) তার নিকট বর্ণনা করেন, তিনি ইয়াতীম ছিলেন এবং আবূ মাহযূরার নিকট লালিত হন এবং তাকে সিরিয়ায় এক সফরে পাঠিয়েছিলেন। তিনি বলেনঃ আমি আবূ মাহযূরা (রাঃ)-কে বললামঃ আমি সিরিয়া অভিমুখে রওয়ানা হচ্ছি। ভয় পাচ্ছি আপনার আযান দেয়া - সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে। রাবী আব্দুল আযীয বলেনঃ ইবনু মুহাইরীয আমাকে বলেন যে, আবূ মাহযূরা তখন তাকে বলেছেনঃ আমি একটি দলের সাথে বের হলাম। আমরা হুনায়নের কোন একটি পথে গিয়ে উপনীত হলাম। যা ছিল রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হুনায়নের যুদ্ধ থেকে ফেরার সময়। রাস্তায় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে আমাদের সাক্ষাত হল। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুয়াযযিন তার অদূরে সালাতের আযান দিলেন। আমরা আযানের ধ্বনি শুনলাম, তখন আমরা ইসলাম থেকে বিমুখ ছিলাম। তাই আমরা আযানের অনুকরণ ও তা নিয়ে ঠাট্টা করছিলাম। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আওয়াজ শুনলেন এবং আমাদের ডেকে পাঠালেন। অবশেষে আমরা (ধৃত হয়ে) তাঁর সামনে দাঁড়ালাম। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আমি যার ধ্বনি শুনেছিলাম সে - কে? লোকেরা আমার দিকে ঈশারা করল এবং তারা প্রত্যায়ন করল। তারপর তিনি সকলকে ছেড়ে দিলেন এবং আমাকে আটকিয়ে রাখলেন। তিনি আমাকে নির্দেশ দিলেনঃ দাঁড়াও সালাতের আযান দাও। আমি দাঁড়ালে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আমাকে আযান দেয়া শিক্ষা দিলেন, তিনি বললেনঃ বলঃ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ তারপর বললেন, পুনরায় দীর্ঘ স্বরে বলও। তারপর তিনি বলেনঃ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ حَىَّ عَلَى الصَّلاَةِ حَىَّ عَلَى الصَّلاَةِ حَىَّ عَلَى الْفَلاَحِ حَىَّ عَلَى الْفَلاَحِ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ আমি আযান দেয়া শেষ করলে তিনি আমাকে ডাকলেন এবং আমাকে একটি থলে দান করলেন। যাতে ছিল রৌপ্য। তখন আমি আরয করলাম, ইয়া রাসুলাল্লাহ! আমাকে মক্কায় আযান দেয়ার দায়িত্বে নিয়োজিত করুন। উত্তরে তিনি বলেনঃ হ্যাঁ, তোমাকে মক্কায় আযান দেয়ার দায়িত্বে নিয়জিত করলাম। তারপর আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তুক নিযুক্ত মক্কার আমীর আত্তাব ইবনু আসীদ (রাঃ)-এর সঙ্গে সাক্ষাত করি এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশ অনুযায়ী তার সঙ্গে আযান দিতে থাকি।

ছবি বানান