তিরমিযী শরীফ - হাদীস নং ১৫২
আহমদ ইবনু মানী, হাসান সাববাহ আল বাযযার এবং আহমদ ইবনু মুহাম্মদ ইবনু মূসা (রহঃ) ..... বুরায়দা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন একবার জনৈক ব্যক্তি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে সালাতের ওয়াক্ত সম্পর্কে জানতে চাইল। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন ইনশাআল্লাহ তুমি আমাদের সাথে সালাতে দাঁড়াও। পরে তিনি বিলালকে ইকামতের নির্দেশ দিলেন এবং সুবাহে সা’দিকের উন্মেষের সাথে সাথে ফজরের সালাত আদায় করলেন। সূর্য হেলে পড়ার সাথে সাথে বিলালকে ইকামতের নির্দেশ দিলেন এবং যুহরের সালাত আদায় করলেন। পরবর্তীতে তিনি আবার বিলালকে ইকামতের নির্দেশ দিলেন এবং আসরের সালাত আদায় করলেন আর সূর্য তখনও ছিল উর্ধ্বাকাশে উজ্জ্বল; পরে মাগরিবের নির্দেশ দিলেন। যখন সূর্য অস্তমিত হল; ইশার নির্দেশ দিলেন যখন শাফাক অর্থাৎ দিগন্তের লালিমার পরবর্তী সাদা রেশও মিলিয়ে গেল। পরবর্তী দিন তিনি বিলালকে ইকামতের নির্দেশ দিলেন এবং খুব ফর্সা হলে পর ফজরের সালাত আদায় করলেন; সূর্যের প্রখর তেজ প্রশমিত ও খুবই শীতল হলে যুহরের নির্দেশ দিলেন; আসরের ইকামতের নির্দেশ দিলেন তখন, যখন পূর্বদিনের তুলনায় সূর্য আরও বেশি নেমে গেল; পরে মাগরিবের নির্দেশ দিলেন এবং শাফাক দিগন্তে মিলিয়ে যাওয়ার পূর্বে তা আদায় করলেন; ইশার ইকামতের নির্দেশ দিলেন এবং রাত্রির এক তৃতীয়াংশ অতিক্রান্ত হওয়ার পর তা আদায় করলেন। তাঁরপর বললেন সালাতের ওয়াক্তের সম্পর্কে যে ব্যক্তি জানতে চেয়েছিল সে কোথায়? ঐ ব্যক্তি বলল, এই যে আমি। তিনি বললেন এই দুই ওয়াক্তের মধ্যবর্তী সময়ই হল সালাতের ওয়াক্ত।