তিরমিযী শরীফ - হাদীস নং ২,২৬১
’উমার রাদিয়াল্লাহু আনহু একদিন বললেনঃ ফিতনা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গিয়েছিলেন সে বিষযে তোমাদের কার বেশী মনে আছে? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেনঃ আমার। কোন ব্যক্তির পরিবার-পরিজন, ধন-সম্পদ, সন্তান-সন্তুতি ও প্রতিবেশীর ক্ষেত্রে যে ফিতনা অর্থাৎ ত্রুটি-বিচ্যুতি হয় সে সবগুলোর তো সালাত (নামায), সাওম, সাদাকা, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ (ইত্যাদি নেক আমল) দ্বারা কাফফারা হয়ে যায়। ’উমার রাদিয়াল্লাহু আনহু বললেনঃ এ বিষয়ে আপনার কাছে আমি জানতে চাচ্ছি না। আমি তো জানতে চাই সে ফিতনা সম্পর্কে যা সমুদ্রের তরঙ্গের ন্যায় তরঙ্গ তুলে আসবে। তিনি বললেনঃ হে আমীরুল মু’মিনীন, আপনার এবং ঐ ফিতনার মাঝে একটি রুদ্ধ কপাট আছে। ’উমার রাদিয়াল্লাহু আনহু বললেনঃ তা কি খোলা হবে, না ভাঙ্গা হবে? তিনি বললেনঃ না, তা ভাঙ্গা হবে। ’উমার রাদিয়াল্লাহু আনহু বললেনঃ তাহলে তো কিয়ামত পর্যন্ত আর তা বন্ধ হবে না। হাম্মাদ (রহঃ)-এর রিওয়ায়াতে আছে যে, আবূ ওয়াইল (রহঃ) বলেন, আমি মাসরূককে বললাম, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু-কে কপাটটি সম্পর্কে জিজ্ঞাসা করুন, তিনি তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু-কে সে সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেনঃ তা হল স্বয়ং ’উমার রাদিয়াল্লাহু আনহু।