Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,৩৭২

প্রায় ৪ মিনিট · ৫৩৭ শব্দ

তিনি বলেন, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সময় (ঘর থেকে) বের হলেন যে সময় (সাধারণত) তিনি বের হন না এবং এই সময়ে তাঁর সঙ্গে কেউ মূলাকাত করতেও আসে না। অনন্তর আবূ বকর রাদিয়াল্লাহু আনহু তাঁর কাছে এলেন। তিনি বললেনঃ হে আবূ বকর, তোমার আগমনের কারণ কি? তিনি বললেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে সাক্ষাত করতে এলাম। তাঁর চেহারা মুবারকের দিকে তাকাব এবং তাঁকে সালাম পেশ করব। কিছুক্ষণ না যেতেই উমার রাদিয়াল্লাহু আনহু এসে হাযির হলেন। তিনি বললেন, হে উমার তোমার আগমনের কারণ কি? তিনি বললেনঃ হে আল্লাহর রাসূল, ক্ষুধার জ্বালায়। নবীজী বললেনঃ আমিও এই ধরণের কিছু পাচ্ছি। এরপর তারা সকলেই আবূল হায়সাম ইবন তায়্যিহান আনসারীর বাড়ি চললেন। তিনি বহু খেজুর বৃক্ষ ও ছাগলের অধিকারী ব্যক্তি ছিলেন। তবে তাঁর কোন চাকর-নফর ছিল না। তাঁরা তাকে বাড়ি পেলেন না। তার স্ত্রীকে বললেনঃ তোমার সঙ্গী কই? তার স্ত্রী বললেনঃ আমাদের জন্য মিঠা পানি আনতে গিয়েছেন তিনি। অল্পক্ষণ পরেই আবুল হায়ছাম পানি ভর্তি মশক বয়ে ফিরে এলেন। এরপর তিনি মশকটি রাখলেন এবং জলদি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জাপটে ধরলেন এবং তাঁর জন্য স্বীয় মা-বাপ কুরবান হোক কথাটি বললেন। এরপর তাঁদের নিয়ে তার বাগানে গেলেন এবং তাঁদের জন্য একটি বিছানা বিছিয়ে দিলেন। পরে গিয়ে একটি খেজুর গাছ থেকে একটি ছড়া পেড়ে সামনে এনে রাখলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমাদের জন্য পাকাগুলি আলাদা করে নিয়ে আসতে পাররে না? আবুল হায়ছাম বললেনঃ আমার ইচ্ছা হল, আপনারা কাচা পাকা যা ইচ্ছা পছন্দ করে নেন। এরপর তাঁরা তা আহার করলেন এবং ঐ পানি পান করলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ ঐ সত্তার কসম যার হাতে আমার প্রাণ, এ-ও এমন এক নেয়ামত যে সম্পর্কে কিয়ামতের দিন তোমাদের প্রশ্ন করা হবে। এই শীতল ছায়া, সুস্বাদু পাকা টাটকা খেজুর আর ঠান্ডা পানি (কত নেয়ামত!) পরে আবুল হায়ছাম (রাঃ) তাঁদের জন্য খানা প্রস্তুত করতে উঠে চললেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুধওয়ালা কোন পশু যবেহ করবে না। তিনি তাঁদের জন্য একটি বকরীর বাচ্চা যবেহ করলেন এবং তা পাকিয়ে নিয়ে এলেন। এরপর সকলেই তা খেলেন। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তোমার কোন খাদেম আছে কি? তিনি বললেনঃ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন কোন বন্দী আসবে তখন আমার কাছে এসো। পরবর্তীকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে দু’টি দাস আসে। তৃতীয় আর কোন দাস সেই সাথে ছিল না। আবুল হায়ছাম রাদিয়াল্লাহু আনহু তখন তাঁর কাছে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ দু’টোর যেটি পছন্দ হয় নিয়ে যাও। আবুল হায়ছাম রাদিয়াল্লাহু আনহু বললেনঃ হে আল্লাহর নবী, আপনিই আমার জন্য একটিকে পছন্দ করে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ পরামর্শদাতাকে আমানতদার হতে হবে। এটিকে নাও। একে আমি সালাত (নামায) আদায় করতে দেখেছি। তার বিষয়ে আমি তোমাকে সদাচারের বিশেষ নসীহত করছি। আবুল হায়ছাম রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীর কাছে গেলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উক্তি সম্পর্কে তাকে জানালেন। তখন তার স্ত্রী বললেনঃ তুমি একে আযাদ করে দেওয়া ছাড়া এর বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যা করতে বলেছেন সে স্তরে পৌছতে পারবে না। তিনি বললেনঃ হ্যাঁ, এ এখন স্বাধীন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আল্লাহ তাআলা এমন কোন নবী বা খালীফা পাঠাননি যার দুইজন অন্তরঙ্গ পরামর্শদাতা নেই। একজন তো তাকে সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ করে থাকে। আরেকজন তার ক্ষতি করতে বিন্দু মাত্র কসুর করে না। আর যাকে মন্দ পরামর্শদাতা থেকে রক্ষা করা হয়েছে তিনিই বেঁচে যেতে পেরেছেন। -

ছবি বানান