তিরমিযী শরীফ - হাদীস নং ২,৫১৬
তিনি বলেন, তিনি একদিন কাঁদতে কাঁদতে আবূ বকর রাদিয়াল্লাহু আনহু-এর পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন আবূ বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হানযালা, কি হয়েছে তোমার? তিনি বললেনঃ হে আবূ বকর, হানযালা তো মুনাফিক হয়ে গেছে। আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে থাকি আর তিনি যখন আমাদেরকে জান্নাত জাহান্নামের কথা উল্লেখ করে নসীহত করেন তখন মনে হয় যেন সেগুলো চোখের সামনে ভাসছে। কিন্তু যখন তাঁর নিকট থেকে আমরা ফিরে আসি আর স্ত্রী-পুত্র ও বিষয়-সম্প-এর ধান্দায় পড়ে যাই তখন ভুলে যাই অনেক কিছুই। আবূ বকর রাদিয়াল্লাহু আনহু বললেনঃ আল্লাহর কসম, আমাদের অবস্থাও তো এরূপই। আমাদের নিয়ে চল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যাই। অনন্তর আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন, বললেনঃ হানযালা, কি হয়েছে তোমার? তিনি বললেনঃ ইয়া রাসূলাল্লাহঃ হানযালা তো মুনাফিক হয়ে গেছে। আমরা যখন আপনার কাছে থাকি আর জান্নাত-জাহান্নামের কথা বলে যখন আপনি আমাদের নসীহত করেন তখন মনে হয় এগুলো যেন চোখের সামনে ভাসছে। কিন্তু যখন আপনার এখান থেকে ফিরে আসি আর স্ত্রী পুত্র ও বিষয় সম্পদ-এর রোযগারের ধান্দায় পড়ি তখন তো অনেক কিছুই আমরা ভুলে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমার কাছে থাকা অবস্থায় তোমাদের যে অবস্থা হয় সবসময়ই যদি তোমাদের সে অবস্থা থাকত তবে তোমাদের মজলিসসমূহে, তোমাদের বিছানায়, তোমাদের পথে-ঘাটে ফিরিশতারা এসে তোমাদের সাথে মুসাফাহা করত। কিন্তু হে হানযালা, সে অবস্থা কখনো কখনো হয়।