তিরমিযী শরীফ - হাদীস নং ২,৫৮৪
(يُسْقَى مِنْ مَاءٍ صَدِيدٍ * يَتَجَرَّعُهُ) ’’তাদের (জাহান্নামীদের) পান করানো হবে গলিত পুঁজি যা সে অতি কষ্টে গলধঃকরণ করবে এবং তা গলধঃকরণ প্রায় অসম্ভব হয়ে যাবে।’’ (ইবরাহীম ১৪ঃ ৪৬, ১৭) প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তার মুখের কাছে যখন তা নেওয়া হবে সে তা অপছন্দ করবে। আরো কাছে যখন নেওয়া হবে তার চেহারা পুড়ে যাবে এবং মাথার চামড়া তার (গলে) পড়ে যাবে। যখন তা পান করবে তখন নাড়ি-ভূঁড়ি সব গলিয়ে ছিন্ন-ভিন্ন করে ফেলবে এবং তা মলদ্বার দিয়ে বের হয়ে যাবে। আল্লাহ্ তা’আলা ইরশাদ করেনঃ(وَسُقُوا مَاءً حَمِيمًا فَقَطَّعَ أَمْعَاءَهُمْ) এবং তাদেরকে (জাহান্নামীদের) পান করতে দেওয়া হবে ফুটন্ত পানি যা তাদের নাড়ি-ভূঁড়ি ছিন্ন-বিচ্ছিন্ন করে দিবে (মুহাম্মাদ ৪৭ঃ ৪৫)। আল্লাহ্ তায়ালা আরো ইরশাদ করেনঃ(وَإِنْ يَسْتَغِيثُوا يُغَاثُوا بِمَاءٍ كَالْمُهْلِ يَشْوِي الْوُجُوهَ بِئْسَ الشَّرَابُ) এরা (জাহান্নামীরা) পানি চাইলে এদেরকে দেওয়া হবে গলিত ধাতুর ন্যায় পানীয় যা তাদের মুখমন্ডল দগ্ধ করে ফেলবে। এ কত নিকৃষ্ট পানীয় আর অগ্নি কত নিকৃষ্ট আশ্রয়! (কাহফ ১৮ঃ২১)