Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,৬৯০

প্রায় ২ মিনিট · ২৬৬ শব্দ

তিনি বলেন, আবূ মূসা একবার উমর (রাঃ) এর নিকট প্রবেশের অনুমতি চাইলেন। বললেনঃ আসসালামু আলাইকুম আমি কি প্রবেশ করতে পারি? উমর (রাঃ) নিজে নিজে বললেনঃ একবার হল। আবূ মূসা (রাঃ) কিছুক্ষন চুপ করে রইলেন। পরে বললেনঃ আসসালামু আলাইকুম, আমি কি আসতে পারি? উমর (রাঃ) নিজে নিজে বললেনঃ দু’বার হল। আবূ মূসা (রাঃ) কিছুক্ষন চুপ করে রইলেন। পরে বললেনঃ আসসালামু আলাইকুম, আমি কি আসতে পারি? উমর (রাঃ) নিজে নিজে বললেনঃ তিনবার হল। এরপর আবূ মূসা (রাঃ) ফিরে গেলেন। উমর (রাঃ) দ্বাররক্ষীকে বললেনঃ ও কি করেছে? দ্বাররক্ষী বললঃ তিনি ফিরে গেছেন। উমর (রাঃ) বললেনঃ তাকে ডেকে নিয়ে এস। তিনি যখন আসলেন। উমর (রাঃ) বললেনঃ তুমি এ কি করলে? আবূ মূসা (রাঃ) বললেনঃ (এ-ই তো) সুন্নত। উমর (রাঃ) বললেনঃ তাই সুন্নত? আল্লাহর কসম, এই বিষয়ে তোমাকে অবশ্যই কোন দলীল বা প্রমাণ পেশ করতে হবে। নইলে তোমাকে আমি একটি একটা কিছু করব। আবূ সাঈদ (রাঃ) বললেনঃ আবূ মুসা (রাঃ) আমাদের কাছে এলেন। তখন আমরা কয়েকজন আনসারী সাথী সেখানে বসা ছিলাম। তিনি বললেনঃ হে আনসার সম্প্রদায়! তোমরা কি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদীস সম্পর্কে লোকদের মধ্যে সবচেয়ে বেশী অবগত নও? রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এ কথা বলেন নি যে, অনুমতি চাওয়া তিনবার? এর মধ্যে যদি তোমাকে অনুমতি দেওয়া হয়। (তবে তো ভালই) নইলে তুমি ফিরে যাবে। উপস্থিত লোকেরা তাঁর সঙ্গে কৌতুক করতে লাগল। আবূ সাঈদ (রাঃ) বলেনঃ এরপর আমি তাঁর দিকে মাথা তুলে বললামঃ এ ব্যাপারে আপনার যদি কোন শাস্তি হয় তবে আমিও আপনার শরীক। অনন্তর তিনি উমর (রাঃ) এর কাছে এলেন এবং এ ব্যাপারে তাঁকে অবহিত করলেন। তখন উমর (রাঃ) বললেনঃ এ সম্পর্কে আমার জানা ছিল না।

ছবি বানান