তিরমিযী শরীফ - হাদীস নং ২,৯৬২
তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদীনায় আগমন করেন ষোল বা সতের মাস বায়তুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত (নামায) আদায় করেন। কিন্তু রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা’বার দিকে ফিরে সালাত (নামায) আদায় করা পছন্দ করতেন। তখন আল্লাহ তা’আলা নাযিল করেনঃ قَدْ نَرَى تَقَلُّبَ وَجْهِكَ فِي السَّمَاءِ فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضَاهَا فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ 'আকাশের দিকে আপনার বারবার তাকানো আমি লক্ষ্য করছি। সুতরাং আপনাকে আপনার পছন্দের কিবলার দিকে ফিরিয়ে দিচ্ছে। অতএব আপনি (সালাতে) মসজিদে হারামের দিকে মুখ ফিরাবেন।' (২ঃ ১৪৩) অর্থাৎ কা’বার দিকে মুখ করুন। আর তিনি নিজেও তা ভালবাসতেন। এক ব্যক্তি তার সঙ্গে (ঐ দিন) আসরের সালাত (নামায) আদায় করে আনসারদের একটি সম্প্রদায়ের পাশ দিয়ে যাচ্ছিলেন। তারা তখনও বায়তুল মুকাদ্দাসের দিকে আসরের সালাতে রুকূতে ছিলেন। তিনি সাক্ষ্য দিলেন যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে সালাত (নামায) আদায় করেছেন এবং তাঁকে কা’বার দিকে ফিরিয়ে দেওয়া হযেছে। বর্ণনাকারী বলেনঃ তাঁরা রুকূ অবস্থাতেই কা’বার দিকে ফিরে গেলেন।