Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,০৬৮

প্রায় ৩ মিনিট · ৩৩৫ শব্দ

তিনি বলেনঃ আমি আয়িশা রাদিয়াল্লাহু আনহা-এর এখানে কাত হয়ে বসে ছিলাম। তিনি বলেনঃ হে আবূ আয়িশা তিনটি বিষয় এমন, যে এর কোন একটি বলল, সে আল্লাহ্ সম্পর্কে ভীষণ অপবাদ দিল। যে এই কথা বলে যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর পরওয়ারদিগারকে দেখেছেন সে আল্লাহর উপর ভীষণ অপবাদ দেয়। অথচ আল্লাহ্ তা’আলা বলছেনঃ لَا تُدْرِكُهُ الأَبْصَارُ وَهُوَ يُدْرِكُ الأَبْصَارَ وَهُوَ اللَّطِيفُ الْخَبِيرُ তিনি (আল্লাহ) দৃষ্টির অধিগম্য নন, তবে দৃষ্টিশক্তি তাঁর অধিগত এবং তিনিই সূক্ষ্মদর্শী ও সম্যক পরিজ্ঞাত (৬ঃ ১০৩)। তিনি আরো ইরশাদ করেনঃ وَ مَا كَانَ لِبَشَرٍ أَنْ يُكَلِّمَهُ اللَّهُ إِلاَّ وَحْيًا أَوْ مِنْ وَرَاءِ حِجَابٍ মানুষের এমন মর্যাদা নেই যে, আল্লাহ্ তার সাথে কথা বলবেন ওহীর মাধ্যম ব্যতিরেখে, অথবা পর্দার অন্তরাল ব্যতিরেকে (৪২ঃ ৫১)। আমি তো ঠেস দেওয়া অবস্থায় ছিলাম। এবার সোজা হয়ে বসলাম। বললাম হে উম্মুল মু’মিনীন, থামুন, আমাকে সময় দিন, ত্বরা করবেন না। আল্লাহ্ তা’আলা কুরআনে কি ইরশাদ করেন নিঃ وَلَقَدْ رَآهُ نَزْلَةً أُخْرَى ، وَلََقَدْ رَآهُ بِالأُفُقِ الْمُبِينِ তিনি তো (রাসূলুল্লাহ) তাঁকে (আল্লাহকে) স্পষ্ট দিগন্তে দেখেছেন (২৩ : ৮১)। অন্যত্র ’’নিশ্চয় তিনি তাঁকে আরেকবার দেখেছিলেন’’ (১৩ : ৫৩)। আয়িশা রাদিয়াল্লাহু আনহা বললেনঃ আল্লাহর কসম, আমিই প্রথম সে জন যে জন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এ সম্পর্কে জিজ্ঞাসা করেছে। তিনি বলেছেনঃ তিনি তো ছিলেন জিবরীল (আঃ) কেবলমাত্র এই দু’বারই আমি তাঁকে তাঁর আসল আকৃতিতে দেখেছি। আমি তাঁকে আসমান থেকে অবতরণ করতে দেখেছি। তাঁর বিরাট দেহ ঢেকে ফেলেছিল আসমান-জমিনের মাঝের সবটুকু স্থান। তিনি আরো বলেনঃ আর ঐ ব্যক্তিও আল্লাহর উপর ভীষণ অপবাদ দেয়, যে এমন কথা বলে যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ্ তা’আলা যা নাযিল করেছেন তার কোন গোপন করেছেন। অথচ আল্লাহ্ তা’আলা বলেছেনঃ يَا أَيُّهَا الرَّسُولُ بَلِّغْ مَا أُنْزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ হে রাসূল! আপনার প্রতিপালকের নিকট থেকে যা অবতীর্ণ হয়েছে তা প্রচার করুন (৫ঃ ৬৭)। কেউ যদি বলে যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামীতে কি হবে তা জানেন তবে সেও আল্লাহর উপর ভীষণ অপবাদ দেয়। কেননা, আল্লাহ্ তা’আলা বলেনঃ قُلْ لاَ يَعْلَمُ مَنْ فِي السَّمَوَاتِ وَالأَرْضِ الْغَيْبَ إِلاَّ اللَّهُ আসমান ও যমীনে আল্লাহ্ ব্যতীত গায়েব সম্পর্কে কেউ জানে না। (২৭ঃ ৬৫)।

ছবি বানান