তিরমিযী শরীফ - হাদীস নং ৩,০৭৬
তিনি বলেনঃ রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ্ তা’আলা যখন আদম সৃষ্টি করলেন তখন তাঁর পিঠে হাত বুলালেন। এতে তাঁর যে সব সন্তান-সন্ততি কিয়ামত পর্যন্ত আল্লাহ্ তা’আলা সৃষ্টি করবেন সব প্রাণই তাঁর পিঠ থেকে বের হয়ে এল। প্রত্যেকটি মানুষের দু’চোখের মাঝে জ্যোতির ঔজ্জ্বল্য প্রকাশ করলেন। এরপর তাদের আদম (আঃ)-এর সামনে পেশ করলন। তিনি বললেনঃ হে পরওয়ারদিগার এরা কারা? আল্লাহ্ বললেনঃ এরা তোমার বংশধর। আদম (আঃ) এদের আরো একজনকে দেখলেন। তার দু’চোখের মাঝের উজ্জ্বলতায় তিনি বিস্মিত হলেন। তিনি বললেনঃ হে আমার রব! এইটি কে? আল্লাহ্ বললেনঃ এ হলো তোমার সন্তানদের শেষের দিকের উম্মতদের একজন। তার নাম দাঊদ। আদম (আঃ) বললেনঃ হে আমার রব! তার বয়স কত নির্ধারণ করেছেন? আল্লাহ্ বললেনঃ ষাট বছর। আদম (আঃ) বললেনঃ হে আমার রব! আমার বয়স থেকে চল্লিশ বছর একে দিয়ে দিন। পরে আদমের বয়স শেষ হলে মৃত্যুর ফিরিশতা তাঁর জান কবয করতে এলেন। আদম (আঃ) বললেনঃ আমার বয়স থেকে তো এখনও চল্লিশ বছর বাকী। মৃত্যুর ফিরিশতা বললেনঃ আপনি তো তা আপনারবংশধরর দাউদকে দিয়েছিলেন। আদম (আঃ) অস্বীকার করলেন ফলে তার বংশধররাও অস্বীকার করে; আদম ভূলে যান তাঁর সন্তানরাও ভূলে যায়; আদম ভূল করেন তাঁর সন্তানরাও ভূল করে।