Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,১০৪

প্রায় ৪ মিনিট · ৪৬৬ শব্দ

হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু উছমান ইবন আফফান রাদিয়াল্লাহু আনহু-এর কাছে এলেন। উছমান রাদিয়াল্লাহু আনহু তখন আরমেনিয়া ও আযারবায়জান বিজয়ে ইরাকবাসীদের সঙ্গে শামবাসীদেরও যুদ্ধ-যাত্রার জন্য প্রস্তুত করছিলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু কুরআনের (পাঠের) ক্ষেত্রে এদের পরস্পর মতানৈক্য দেখেছিলেন। তিনি উছমান রাদিয়াল্লাহু আনহু-কে বললেনঃ হে আমীরুল মু’মিনীন! ইয়াহূদ নাসারারা যেরূপ মতানৈক্যে লিপ্ত হয়েছিল, আল্লাহর কিতাবে সেরূপ মতানৈক্যে লিপ্ত হওয়ার পূর্বে এ উম্মতকে আপনি রক্ষা করুন। তখন উছমান রাদিয়াল্লাহু আনহ এই বলে হাফসা রাদিয়াল্লাহু আনহা-এর কাছে লোক পাঠালেন যে, আপনার কাছে রক্ষিত কুরআনের লিপিবদ্ধ কপিগুলো আমাদের কাছে পাঠিয়ে দিন, আমরা এটির বিভিন্ন কপি করে পুনরায় আপনার কাছে ফেরত পাঠাব। হাফসা রাদিয়াল্লাহু আনহা কুরআনের লিপিবদ্ধ কপিগুলো উছমান ইবন আফফান রাদিয়াল্লাহু আনহু-এর কাছে পাঠিয়ে দিলেন। উছমান রাদিয়াল্লাহু আনহু যায়দ ইবন ছাবিত, সাঈদ ইবন আস, আবদুর রহমান ইবন হারিছ ইবন হিশাম ও আবদুল্লাহ্ ইবন যুবায়র রাদিয়াল্লাহু আনহুম-এর কাছে কপিগুলো পাঠিয়ে বললেন যে, তোমরা এই কপিগুলো মুসহাফে লিপিবদ্ধ কর। এই তিনজন কুরায়শী গ্রুপকে বললেনঃ তোমাদের এবং যায়দ ইবন ছাবিতের মাঝে মতানৈক্য দেখা গেলে কুরায়শী ভাষা অনুসারে তা লিপিবদ্ধ করবে। কেননা কুরআন কুরায়শদের ভাষা অনুসারেই নাযিল হয়েছে। যা হোক, তারা কুরআনের লিপিবদ্ধ কপিগুলো বিভিন্ন মুসহাফে লিপিবদ্ধ করেন। উছমান রাদিয়াল্লাহু আনহু বিভিন্ন দিকে তাদের কপি করা মুসহাফগুলো পাঠালেন। যুহরী (রহঃ) বলেনঃ খারিজা ইবন যায়দ আমাকে বর্ণনা করেন যে, যায়দ ইবন ছাবিত রাদিয়াল্লাহু আনহু বলেছেনঃ সূরা আহযাবের একটি আয়াত আমি খূঁজে পাচ্ছিলাম না। অথচ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তা পাঠ করতে আমি শুনেছি। সেটি হলঃ مِنَ الْمُؤْمِنِينَ رِجَالٌ صَدَقُوا مَا عَاهَدُوا اللَّهَ عَلَيْهِ فَمِنْهُمْ مَنْ قَضَى نَحْبَهُ মুমিনদের মধ্যে কিছু লোক আল্লাহর সঙ্গে তাদের কৃত অঙ্গীকার পূর্ণ করেছে। এদের কেউ কেউ শাহাদত বরণ করেছে এবং কেউ কেউ প্রতীক্ষায় রয়েছে। (৩৩ : ২৩) পরে তালাশ করে খুযায়মা ইবন ছাবিত কিংবা আবূ খুযায়মার কাছে সেটি পেলাম এবং উক্ত সূরায় তা যুক্ত করে দিলাম। যুহরী (রহঃ) বলেনঃ একদিন তারাالتابوت এবংالتابوه নিয়ে মতানৈক্য করেন। কুরায়শীরা বললেনঃ التابوت যায়দ রাদিয়াল্লাহু আনহু বললেনঃالتابوه তাঁদের এ মতানৈক্যের বিষয়টি উছমান রাদিয়াল্লাহু আনহু-এর কাছে পেশ করা হলে তিনি বললেনঃ তোমরাالتابوت লিখ। কেননা কুরআন কুরায়শের ভাষায় নাযিল হয়েছে। যুহরী বলেনঃ উবায়দুল্লাহ ইবন উতবা বলেছেন যে, আবদুল্লাহ ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহু যায়দ ইবন ছাবিতের এ তৈরী কপি পছন্দ করেন নি। তিনি বলেছেনঃ হে মুসলিম সম্প্রদায়! কুরআনের মুসহাফ লিপিবদ্ধ করার কাজে আমাকে দূরে রাখা হয়েছে আর এর দায়িত্ব বহন করেছে এমন এক ব্যক্তি যে আল্লাহর কসম আমি যখন ইসলাম গ্রহণ করি তখন সে ছিল এক কাফিরের ঔরসে। (এই কথা বলে তিনি যায়দ ইবন ছাবিতের দিকে ইঙ্গিত করেছেন)। আবদুল্লাহ্ ইবন মাসঊদ রাদিয়াল্লাহু আনহু বলেছেনঃ হে ইরাকবাসী! তোমাদের কাছে যে মুসহাফগুলো রয়েছে সেগুলো লুকিয়ে রাখ। আল্লাহ্ তা’আলা বলেছেনঃ وَمَنْ يَغْلُلْ يَأْتِ بِمَا غَلَّ يَوْمَ الْقِيَامَةِ এবং কেউ অন্যায়ভাবে কিছু গোপন করলে যা সে অন্যায়ভাবে গোপন করবে কিয়ামতের দিন সে তা নিয়ে আসবে। (৩ : ১৬১) সুতরাং তোমরা তোমাদের মুসহাফসহ আল্লাহর সঙ্গে সাক্ষাত করতে পারবে। যুহরী বলেনঃ বিশিষ্ট সাহাবীগণের অনেকই ইবন মাসঊদ রাদিয়াল্লাহু আনহু-এর এ বক্তব্য অপছন্দ করেছেন বলে আমি সংবাদ পেয়েছি।

ছবি বানান