তিরমিযী শরীফ - হাদীস নং ৩,১৬৮
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সফর অবস্থায় যখন এ আয়াত নাযিল হয়ঃ يا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمْ إِنَّ زَلْزَلَةَ السَّاعَةِ شَيْءٌ عَظِيمٌ তিনি বললেনঃ তোমরা কি জান এ দিন কোনটি? সাহাবীরা রাদিয়াল্লাহু আনহুম বললেনঃ আল্লাহ্ এবং রাসূলই ভাল জানেন। তিনি বললেনঃ এটি হবে সে দিন যে দিন আল্লাহ্ তা’আলা আদমকে বলবেন, জাহান্নামের দলটি পাঠাও। তিনি বলবেনঃ হে আমার রব, জাহান্নামের দলের সংখ্যা কি? আল্লাহ্ বলবেনঃ (প্রতি হাজারে) নয়শত নিরানব্বই জন হল জাহান্নামের আর একজন হল জান্নাতের। তখন মুসলিমরা কাঁদতে শুরু করলেন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমরা নিকটবর্তী হয়ে চলতে থাক এবং সঠিক পথে চল। প্রত্যেক নবুওয়াত-এর পূর্বেই এক একটি জাহিলী যুগ অতিক্রান্ত হয়েছে। জাহান্নামীদের এ সংখ্যা জাহেলীয়াতের যুগ থেকে নেওয়া হবে। যদি তাদের থেকে এ সংখ্যা পূরণ না হয়ে তবে তা মুনাফিকদের থেকে নিয়ে পূরণ করা হবে। তোমরা এবং অন্যান্য উম্মতের দৃষ্টান্ত হল, কোন পশুর হাঁটুর দাগের মত বা উটের পার্শ্বের তিলের মত। এরপর তিনি বললেনঃ আমি আশা করি তোমরা হবে জান্নাতীদের চার ভাগের এক ভাগ। সাহাবীরা (খুশীতে) বললেনঃ আল্লাহু আকবার! এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমি আশা করি তোমরা হবে জান্নাতীদের তিন ভাগের একভাগ। তখন সাহাবীরা ’আল্লাহু আকবার’ ধ্বনি দিলেন। বর্ণনাকারী বলেন, জানি না তিনি দুই-তৃতীয়াংশের কথা বলেছিলেন কি না।