তিরমিযী শরীফ - হাদীস নং ৩,১৭৯
তিনি বলেনঃ হিলাল ইবন উমাইয়া তাঁর স্ত্রীকে শারীক ইবন সাহমার সঙ্গে জড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যিনার অপবাদ দেন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ সাক্ষী পেশ কর। নইলে তোমার পিঠে হদ প্রয়োগ করা হবে। হিলাল রাদিয়াল্লাহু আনহু বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্! কেউ যদি তার স্ত্রীর উপর কোন ব্যক্তিকে আপতিত দেখতে পায় তবে কি সে সাক্ষী তালাশ করতে যায়? কিন্তু রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতে লাগলেনঃ সাক্ষী আন। নইলে তোমার পিঠে হদ প্রয়োগ করা হবে। হিলাল রাদিয়াল্লাহু আনহু বললেনঃ কসম সেই সত্তার যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন। আমি অবশ্যই সত্যবাদী। আমার এই বিষয়ে অবশ্যই আল্লাহ্ তা’আলা এমন কিছু নাযিল করবেন যদ্বারা হদ প্রয়োগ থেকে আমার পিঠ বেঁচে যাবে। অনন্তর আল্লাহ্ তা’আলা নাযিল করেনঃ والَّذِينَ يَرْمُونَ أَزْوَاجَهُمْ وَلَمْ يَكُنْ لَهُمْ شُهَدَاءُ إِلاَّ أَنْفُسُهُمْ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের দুই জনকে ডেকে নিয়ে আসলেন। হিলাল ইবন উমাইয়া রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে সাক্ষ্য দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেনঃ আল্লাহ্ তা’আলা জানেন তোমাদের একজন অবশ্যই মিথ্যাবাদী। সুতরাং তোমাদের মাঝে তওবা করার কেউ আছে কি? এরপর মেয়েটি দাঁড়িয়ে সাক্ষ্য দেয়। পঞ্চম বারে যখন ’’পুরুষটি যদি সত্যবাদী হয় তবে তার (মেয়েটির) উপর আল্লাহর গযব আপতিত হোক’’, বলার সময় এল তখন উপস্থিত লোকেরা বললঃ এ গযব অবশ্যম্ভাবী হবে। ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেনঃ মেয়েটি তখন থেমে গেল এবং মাথা নীচু করে ফেলল। এমন কি আমাদের ধারণা হয় যে, সে বুঝি তার কথা প্রত্যাহার করবে। এরপর সে বললঃ আমি আমার কওমকে সকল সময়ের জন্য বেইজ্জত করতে পারি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ মেয়েটিকে লক্ষ্য কর। সে যদি সুরমা টানা দু’চোখ, ভারি নিতম্ব এবং সুস্পষ্ট জংঘা বিশিষ্ট বাচ্চা প্রসব করে তবে শারীক ইবন সাহমার। শেষে মেয়েটি এই ধরণের বাচ্চা প্রসব করে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এই বিষয়ে কিতাবুল্লাহর বিধান যদি আগে থেকেই না থাকত তবে এই মেয়েটির ক্ষেত্রে আমাদের একটা দৃষ্টান্তমূলক বিষয় ঘটত।