তিরমিযী শরীফ - হাদীস নং ৩,১৯২
হুসায়ন ইবন হুরায়ছ (রহঃ) ...... ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে (الم * غُلِبَتِ الرُّومُ * فِي أَدْنَى الأَرْضِ) প্রসঙ্গে বলেছেনঃغَلِبَتْ এবংغُلِبَتْ উভয় পাঠই রয়েছে। তিনি বলেন, মুশরিকরা রোমকদের উপর পারসিকদের বিজয় পছন্দ করতো। কেননা ওরা এবং এরা ছিল মূর্তি পূজারী। আর মুসলিমরা ভালবাসত পারস্যের উপর রোমের বিজয়। কেননা রোমকরা ছিল কিতাবী সম্প্রদায়। তারা আবূ বকর রাদিয়াল্লাহু আনহু-এর সঙ্গে এই কথা আলোচনা করে। এরপর আবূ আবূ বকর তা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে উল্লেখ করেন। তখন তিনি বললেনঃ শুনে রাখ, রোমবাসী অবশ্যই অচিরেই জয়লাভ করবে। আবূ বকর রাদিয়াল্লাহু আনহু তখন তাদের এই কথা বলেন, তারা বলল, আমাদের এবং তোমার মাঝে এর একটা মেয়াদ নির্ধারণ কর। আমরা যদি জয়ী হই তবে আমাদের হবে অমুক অমুক জিনিস আর তোমরা জয়ী হলে তোমাদের হবে অমুক অমুক জিনিস। তিনি পাঁচ বছরের মেয়াদ নির্ধারণ করেন। কিন্তু এই সময়ে তাদের বিজয় হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে বিষয়টি আলোচনা করা হলে তিনি বললেনঃ তুমি কেন এর চাইতে বেশী মেয়াদ নির্ধারণ করলে না? সাঈদ (রহঃ) বলেনঃ (الم * غُلِبَتِ الرُّومُ) হল দশ বছর থেকে কম। পরবর্তীতে রোমকরা বিজয় লাভ করে। এ প্রসঙ্গে হল আল্লাহর এই বাণীঃ (يفْرَحُ الْمُؤْمِنُونَ * بِنَصْرِ اللَّهِ يَنْصُرُ مَنْ يَشَاءُ) সুফইয়ান (রহঃ) বলেন, আমি শুনেছি যে, বদর যুদ্ধের দিন রোমকরা পারস্যের উপর বিজয় লাভ করে। হাদীসটি হাসান-সাহীন-গারীব। সুফইয়ান ছাওরী-হাবীব ইবন আবূ আমরা সূত্রে বর্ণিত রিওয়ায়ত হিসাবেই এটিকে আমরা জানি।